মিসরে মুরসির মৃত্যুদণ্ডাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রায় ঘোষণার সময় মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি উত্তেজিত হয়ে পড়েন। ছবি: এএফপি
রায় ঘোষণার সময় মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি উত্তেজিত হয়ে পড়েন। ছবি: এএফপি

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুদণ্ডাদেশ হয়েছে। ২০১১ সালে অভ্যুত্থানের সময় কারাগার ভেঙে বেরিয়ে আসার দায়ে মুরসিসহ শতাধিক বিদ্রোহীকে দেশটির একটি আদালত এ সাজা দিয়েছেন। বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়।
রায় ঘোষণার সময় মুরসি আদালতে উপস্থিত ছিলেন। কাঠগড়ায় বসে থাকা মুরসির পরনে ছিল কয়েদিদের নীল রঙের পোশাক। সহিংসতায় উসকানি দেওয়ার দায়ে আরেকটি মামলায় তাঁর ইতিমধ্যে ২০ বছরের কারাদণ্ড হয়েছে। আজ বিচারকের রায় পড়ার সময় তাঁকে উত্তেজিত হতে দেখা গেছে।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিদের মধ্যে আছেন মুসলিম ব্রাদারহুডের নেতা মোহামেদ বাদেই। অন্য একটি বিচারে তাঁর মৃত্যুদণ্ডাদেশ হয়েছে।
মিসরের দীর্ঘদিনের একনায়ক প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের পর মুরসি ছিলেন দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট। সেনাবাহিনীর হাতে তিনি ২০১৩ সালের জুলাইয়ে ক্ষমতাচ্যুত হন। এরপর তিনিসহ ইসলামপন্থী অনেক নেতাকে গ্রেপ্তার করে বন্দী রাখা হয়।
মিসরের আইন অনুযায়ী, মৃত্যুদণ্ডাদেশটি মুফতির কাছে পাঠানো হবে। তিনি সরকারের শরিয়া-বিষয়ক আইনের প্রধান ব্যাখ্যাকারী। এই মুফতির আদালত আগামী ২ জুন তাঁর সিদ্ধান্তের কথা জানাবেন। তাঁর সিদ্ধান্তের সঙ্গে একমত না হলে আপিলের সুযোগ আছে।