মিসরে সমলিঙ্গে বিয়ে উদযাপন করায় ৭ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা সমলিঙ্গের বিয়ে উদযাপনের ভিডিওচিত্র দেখে ওই ভিডিওচিত্রে অংশ নেওয়া সাতজনকে গ্রেপ্তার করেছে মিসর সরকার। তাঁদের বিরুদ্ধে সমাজে পাপাচার ও অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হবে বলে মনে করা হচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ভিডিওচিত্রে নীল নদে একটি প্রমোদ তরিতে কয়েকজনকে সমলিঙ্গের বিয়ে উদযাপন করতে দেখা গেছে। ভিডিওটি মিসরের সামাজিক মাধ্যমগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে।
মিসরে সমকামিতা সুস্পষ্টভাবে আইনবিরোধী না হলেও সেখানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটিকে পাপাচার বলে গণ্য করা হয়। আর এর মাধ্যমে মিসরের সরকার সেখানকার সমকামীদের বিরুদ্ধে সমাজের শান্তি ভঙ্গের অভিযোগ এনে থাকে।
এদিকে গ্রেপ্তার এ সাতজনের শারীরিক পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন সে দেশের আদালত। অনেক আগে থেকেই মিসরে এ ধরনের শারীরিক পরীক্ষা হয়ে আসছে। তবে এই পরীক্ষার বিরোধিতা করে আসছে মানবাধিকার সংগঠনগুলো।
এই বছরের এপ্রিল মাসেও একই রকম অভিযোগে চারজনকে কারাদণ্ড দেন আদালত। ২০০১ সালেও এ রকম অভিযোগে অনেককেই কারাদণ্ড দেওয়া হয়েছিল।