মিসরের বিধ্বস্ত বিমানের ধ্বংসস্তূপ ভূমধ্যসাগরে
ইজিপ্ট এয়ারের নিখোঁজ হওয়া ফ্লাইটের ধ্বংসস্তূপ ভূমধ্যসাগরে পাওয়া গেছে। দেশটির তদন্ত কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এক বিবৃতিতে জানানো হয়, ধ্বংসস্তূপের একাধিক প্রধান অবস্থান শনাক্ত করা হয়েছে। গভীর সমুদ্রে অনুসন্ধানকারী একটি জাহাজ ধ্বংসস্তূপের ছবিও পাঠিয়েছে।
গত ১৯ মে ফ্রান্সের প্যারিস থেকে মিসরের কায়রো যাওয়ার পথে এমএস ৮০৪ ভূমধ্যসাগরের ওপর থাকাকালে নিখোঁজ হয়। পরে বলা হয়, ৬৬ জন আরোহী নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
মিসরের তদন্ত কমিটি বলছে, সমুদ্রে অনুসন্ধানকারী জাহাজে থাকা তদন্ত কর্মকর্তারা এখন ধ্বংসস্তূপের অবস্থানের মানচিত্র তৈরি করবেন।
বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ নিয়ে এখনো রহস্য রয়ে গেছে।
কর্মকর্তারা বলছেন, সন্ত্রাসী হামলায় বিমানটির বিধ্বস্ত হওয়ার কথা উড়িয়ে দেওয়া যায় না। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ কথা দাবি করেনি।
মনুষ্য বা কারিগরি ত্রুটির কারণেও বিমানটি বিধ্বস্ত হতে পারে বলে মত বিশ্লেষকদের।