মিসরের মন্ত্রিসভার পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের সরকার আকস্মিকভাবে গতকাল শনিবার পদত্যাগ করেছে। দেশটির তেল সম্পদমন্ত্রীকে এক সপ্তাহের মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন করতে বলা হয়েছে। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির দপ্তরের এক ঘোষণায় এ কথা জানানো হয়। খবর বিবিসি ও এএফপির।
সরকারের পদত্যাগের জন্য আনুষ্ঠানিকভাবে কারণ উল্লেখ করা হয়নি। তবে একটি উচ্চপর্যায়ের সূত্র বলেছে, একটি দুর্নীতির কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভার রদবদল করাই এর কারণ। গত সোমবার কথিত ওই দুর্নীতির অভিযোগে দেশটির কৃষিমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
প্রেসিডেন্টের দপ্তরের বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ইব্রাহিম মাহলাব মন্ত্রিসভার পদত্যাগপত্র দাখিল করেছেন। প্রেসিডেন্ট সিসি তা গ্রহণ করেছেন। এতে আরও বলা হয়, প্রেসিডেন্ট সিসি বিদায়ী তেলসম্পদমন্ত্রী শরিফ ইসমাইলকে এক সপ্তাহের মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন করতে বলেছেন। বিবৃতিতে বলা হয়, বিদায়ী সরকার সে পর্যন্ত তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করবে।