
ফ্রান্সের প্যারিস থেকে ৬৬ জন আরোহী নিয়ে মিসরের কায়রো যাওয়ার পথে বিধ্বস্ত হয়েছে মিসরের ইজিপ্টএয়ারের একটি যাত্রীবাহী বিমান। উড়োজাহাজটি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর কয়েক ঘণ্টা অনিশ্চয়তার মধ্যে কাটে। পরে ভূমধ্যসাগরে কারপাথোস দ্বীপের কাছে এর ধ্বংসাবশেষ পাওয়া যায়।
ইজিপ্টএয়ারের টুইটে বলা হয়, ‘কারপাথোস দ্বীপের কাছে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মিসরের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সাগরে ভাসমান ‘লাইফ জ্যাকেট ও প্লাস্টিক সামগ্রী পাওয়া গেছে। আরও ধ্বংসাবশেষের সন্ধানে গ্রিসের তদন্ত ও উদ্ধার দলের সঙ্গে কাজ করছে মিসরের তদন্তকারীরা।’
উড়োজাহাজ বিধ্বস্তের এ ঘটনা সন্ত্রাসী কর্মকাণ্ড কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে তদন্তকারীরা জানিয়েছেন, কারিগরি ত্রুটির চেয়ে তেমনটি হওয়ার আশঙ্কাই বেশি।
গত বুধবার স্থানীয় সময় রাত ১১টা ৯ মিনিটে বিমানটি প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। মিসরের স্থানীয় সময় বুধবার দিবাগত ভোররাত ৩টা ১৫ মিনিটে কায়রো পৌঁছানোর কথা ছিল এটির।

ইজিপ্টএয়ার জানায়, এ-৩২০ এয়ারবাসটিতে তিন শিশুসহ ৫৬ যাত্রী, সাতজন ক্রু এবং তিনজন নিরাপত্তাকর্মী ছিলেন। যাত্রীদের মধ্যে ৩০ জন মিসরের, ১৫ জন ফ্রান্সের, ২ জন ইরাকের এবং যুক্তরাজ্য, কানাডা, বেলজিয়াম, কুয়েত, সৌদি আরব, আলজেরিয়া, সুদান, চাদ ও পর্তুগালের একজন করে নাগরিক ছিলেন।
মিসরের সময় বুধবার দিবাগত রাত আড়াইটায় মিসরের রাডার থেকে হারিয়ে যায় বিমানটি। এর আগে বিমানটি ভূপৃষ্ঠ থেকে ৩৭ হাজার ফুট উচ্চতায় ছিল। গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী পানোস কামেনোস জানিয়েছেন, শেষ মুহূর্তে এটি হঠাৎ করে ২২ হাজার ফুট নিচে নেমে আসে। সেই সঙ্গে অনেকখানি ঘুরে যায়। প্রথমে বাঁ দিকে ৯০ ডিগ্রি ও পরে ডান দিকে পুরো ৩৬০ ডিগ্রি ঘুরে যায় বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন গ্রিক মন্ত্রী।
গত ২৯ মার্চ ইজিপ্টএয়ারের একটি বিমান ছিনতাই করে সাইপ্রাসে নিয়ে যান এক ব্যক্তি। সাবেক স্ত্রীর সঙ্গে দেখা করতেই তিনি ওই কাণ্ড ঘটান বলে তখন জানা গিয়েছিল।