মিসরের সাবেক তেলমন্ত্রী হলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের নতুন সরকার শপথ নিয়েছে। গতকাল শনিবার প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি মন্ত্রিসভার ১৬ জন সদস্যকে শপথ পাঠ করান। দুর্নীতির কেলেঙ্কারির অভিযোগের জেরে আগের সরকার এক সপ্তাহ আগে একযোগে পদত্যাগ করে। খবর এএফপির।
নতুন সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন শরিফ ইসমাইল। তিনি আগের সরকারের পেট্রোলিয়ামমন্ত্রী ছিলেন। প্রেসিডেন্ট আল-সিসি তাঁকেই নতুন মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দিয়েছিলেন।
স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রতিরক্ষা, বিচার ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আগের মন্ত্রীরা বহাল রয়েছেন। শপথ অনুষ্ঠানটি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়।
দুর্নীতির অভিযোগ তদন্তের অংশ হিসেবে সাবেক কৃষিমন্ত্রী সালাহ হেলাল গ্রেপ্তার হওয়ার কয়েক দিন পরই ১২ সেপ্টেম্বর মিসরের সাবেক প্রধানমন্ত্রী ইব্রাহিম মাহলাবের মন্ত্রিসভা পদত্যাগ করে। অর্থনৈতিক বিভিন্ন প্রকল্পে বিলম্বের কারণেও মাহলাব সরকার সমালোচিত হয়েছিল।
সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট সিসি গত বছর অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হওয়ার পর এই প্রথম সরকারে বড় ধরনের পরিবর্তন করলেন। প্রশাসনকে চাঙা করার লক্ষ্যেই রদবদল করা হয়েছে।
নতুন প্রধানমন্ত্রী শরিফ ইসমাইল ২০১৩ সালে প্রথমবারের মতো মন্ত্রিসভায় যোগ দেন। এর আগে তিনি রাষ্ট্রীয় মালিকানাধীন একাধিক তেল কোম্পানিতে দীর্ঘদিন কাজ করেছেন। নতুন তেলমন্ত্রী হয়েছেন রাষ্ট্রীয় তেল কোম্পানির সাবেক প্রধান কর্মকর্তা তারেক আল-মোল্লা।
রয়টার্সের খবরে বলা হয়, মিসরের নতুন সরকারকে বেশ কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে; বেড়ে যাওয়া জঙ্গি তৎপরতা এর মধ্যে একটি।