জঙ্গিবাদীরা অস্তিত্বের প্রতি হুমকি সৃষ্টি করেছে: সিসি
মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি গতকাল শনিবার বলেছেন, জঙ্গিবাদীরা মিসরের অস্তিত্বের প্রতি হুমকি সৃষ্টি করেছে। জঙ্গি হামলায় মিসরের সেনাবাহিনী গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির শিকার হওয়ার পর এ কথা বললেন প্রেসিডেন্ট সিসি। খবর বিবিসি ও এএফপির।
মিসরের গোলযোগপূর্ণ সিনাই উপদ্বীপে গত শুক্রবার সন্দেহভাজন জঙ্গিদের আত্মঘাতী গাড়িবোমাসহ একাধিক হামলায় অন্তত ৩১ জন সেনা নিহত হয়। এর পরিপ্রেক্ষিতে সেখানে তিন মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
গতকাল টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট সিসি বলেন, ‘বহিঃশক্তি মিসরের বিরুদ্ধে এক বিশাল ষড়যন্ত্র
চালাচ্ছে।এর লক্ষ্য মিসর ও মিসরীয়দের খণ্ড-বিখণ্ড করা। মিসর এখন তার অস্তিত্বের জন্য লড়ছে।’
এর আগে জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠক শেষে সিনাইতে জরুরি অবস্থার পাশাপাশি দেশে তিন দিনের শোক ঘোষণা করেন সিসি।
বিশাল কিন্তু জনবিরল সিনাই উপদ্বীপের উত্তরাঞ্চলের প্রধান শহর আল-আরিশের কাছাকাছি শুক্রবারের ওই আত্মঘাতী হামলায় ৩১ সেনা নিহত হওয়ার পাশাপাশি ২৮ জন আহত হয়। শহরের আরেকটি তল্লাশিকেন্দ্রে ভিন্ন এক গোলাগুলির ঘটনায় আরও তিন সেনার মৃত্যু হয়।