মিসরের নিরাপত্তা বাহিনীর অভিযানে গত বছর অন্তত ৮১৭ জন নিহত হওয়ার ঘটনাটি মানবতাবিরোধী অপরাধের শামিল বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠনটির এক প্রতিবেদনে বলা হয়, মিসরের রাব্বা আল-আদাবিয়া মসজিদের কাছে বিক্ষোভকারীদের ওপর সামরিক অভিযানে এক দিনেই এক হাজার বা তারও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল। মুসলিম ব্রাদারহুড-সমর্থিত মোহাম্মদ মুরসিকে প্রেসিডেন্টের পদ থেকে উৎখাতের প্রতিবাদে তাঁর সমর্থকেরা বিক্ষোভ করছিল। পুলিশ ও সামরিক বাহিনী তখন পরিকল্পিতভাবে জনসমাবেশে গুলি চালিয়েছিল।
প্রতিবেদনে ২০১৩ সালের জুলাই ও আগস্টে মিসরে আয়োজিত ছয়টি বিক্ষোভ সমাবেশ নিয়ে বছরব্যাপী তদন্তের ভিত্তিতে প্রাপ্ত তথ্য-উপাত্ত সংযোজন করা হয়। তৎকালীন সেনাপ্রধান জেনারেল আবদুল ফাত্তাহ আল-সিসির নির্দেশে ওই সব সমাবেশে সামরিক হামলা হয়েছিল। সিসি গত মে মাসে মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
এইচআরডব্লিউর নির্বাহী পরিচালক কেনেথ রথ ও তাঁর এক সহকর্মীকে গত সোমবার মিসরে ঢুকতে বাধা দেওয়া হয়। রাজধানী কায়রোতে সংবাদ সম্মেলন করে তাঁরা একটি নতুন প্রতিবেদন উপস্থাপন করতে চেয়েছিলেন। কিন্তু তাঁদের কায়রো বিমানবন্দরে ১২ ঘণ্টা আটক রাখার পর ফেরত পাঠানো হয়।