মিয়ানমারকে 'শাস্তির' হুমকি আল-কায়েদার

রোহিঙ্গা মুসলমানদের ওপর নিপীড়নের জন্য মিয়ানমারকে ‘শাস্তির’ হুমকি দিয়েছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা। তারা রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সমর্থন ও সহায়তার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্রুপ গতকাল বুধবার জানিয়েছে, ত্রাণ, অস্ত্র ও সামরিক সহায়তা দিয়ে রোহিঙ্গা মুসলমানদের সাহায্য করার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে আল-কায়েদা। এতে বলা হয়, মিয়ানমার তার অপরাধের জন্য শাস্তি পাবে। মুসলমানদের সঙ্গে যে বর্বর আচরণ করছে মিয়ানমার, তার জন্য শাস্তি তাদের পেতেই হবে।
আল-কায়েদা বলেছে, ‘মিয়ানমারে আমাদের মুসলমান ভাইয়েরা যেমন নির্যাতনের স্বাদ পাচ্ছে, দেশটির সরকারও তেমনি স্বাদ পাবে।’
গত ২৫ আগস্ট রোহিঙ্গা জঙ্গিদের পুলিশের চেকপোস্টে সিরিজ হামলার পর দেশটির সেনাবাহিনীর মুসলিম রোহিঙ্গাদের ওপর নিপীড়ন শুরু করে। সহিংসতা থেকে বাঁচতে চার লাখের মতো রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। কয়েক হাজার রোহিঙ্গা নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
নাইন-ইলেভেনের জন্য দায়ী আল-কায়েদা ওই বিবৃতিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ফিলিপাইনের মুজাহিদদের প্রতি আহ্বান জানিয়েছে মিয়ানমারের মুসলমান ভাইদের সাহায্যে এগিয়ে আসার জন্য। ‘বার্মার’ মুসলমান ভাইদের সহায়তা দিতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মিয়ানমারের দাবি, তারা জঙ্গিবাদের বিরুদ্ধে ‘বৈধ’ অভিযান পরিচালনা করছে। দেশটির সরকার বিভিন্ন শহরে বোমা হামলার আশঙ্কা প্রকাশ করেছিল, আল-কায়েদার আহ্বান সেই আশঙ্কা আরও বৃদ্ধি করল।