মিয়ানমারে অস্ত্র বিক্রি উ. কোরিয়ার
মিয়ানমার ও সিরিয়া সরকারের কাছে উত্তর কোরিয়া অস্ত্র বিক্রি করছে। পাশাপাশি দেশ দুটিতে কয়লা, লোহা ও স্টিল রপ্তানি করছে পিয়ংইয়ং। এসব পণ্য রপ্তানিতে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
মিয়ানমার ও সিরিয়া সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
গত শুক্রবার প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদন অনুসারে, সিরিয়ার পরমাণু কর্মসূচি উন্নয়নে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারকে সহায়তা করছে পিয়ংইয়ং। আর মিয়ানমারের সেনাবাহিনীকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে তারা।
জাতিসংঘের প্রতিবেদনটি এএফপির হাতে এসেছে।
ওই প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকা প্রায় সব পণ্যই উত্তর কোরিয়া রপ্তানি করেছে। ওই সব পণ্য রপ্তানি থেকে দেশটি ২০১৭ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাজস্ব আদায় করেছে ২০ কোটি মার্কিন ডলার।