মিয়ানমারে আটক রোহিঙ্গাদের ওপর নির্যাতনের আশঙ্কা অ্যামনেস্টির
মিয়ানমারের রাখাইন রাজ্যে আটক শত শত রোহিঙ্গার ওপর নির্যাতনের আশঙ্কা করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। গতকাল সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ আশঙ্কা প্রকাশ করা হয়।
অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়, রাখাইন রাজ্যে শত শত রোহিঙ্গাকে ‘নিরাপত্তা অভিযানের’ নামে আটক করা হয়। এখন পর্যন্ত আটক ওই ব্যক্তিদের কোথায় রাখা হয়েছে বা তাঁদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, তা জানানো হয়নি। আটক রোহিঙ্গারা নির্যাতনের ঝুঁকি ছাড়াও চিকিৎসা না পাওয়া এবং সঠিক বিচার না পাওয়ার শঙ্কায় রয়েছে।
অ্যামনেস্টি মিয়ানমার কর্তৃপক্ষকে আটক রোহিঙ্গাদের ভাগ্যে কী ঘটেছে, তা জানানোর পাশাপাশি তাদের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানিয়েছে।
মিয়ানমারের সরকারি তদন্ত কমিশনের তথ্য অনুযায়ী, গত বছরের ৯ অক্টোবর পর্যন্ত ৪৮৫ জনকে আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এদের মধ্যে আছে গ্রামের নেতা, ব্যবসায়ী, ধর্মীয় নেতা, আরবি শিক্ষকসহ গ্রামের সাধারণ মানুষ।
অ্যামনেস্টির দাবি, রোহিঙ্গা পরিবারের অনেকেই অভিযোগ করেছেন, আটকের পর তাঁদের স্বজনেরা কোথায় আছে তা তাঁরা জানেন না।
তথ্যসূত্র : এএফপি ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইট