মিয়ানমারে আবার মসজিদে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের কাচিন রাজ্যে একদল সশস্ত্র উচ্ছৃংখল লোক গত শুক্রবার একটি মসজিদ আগুন দিয়ে ভস্মীভূত করে দিয়েছে। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত পত্রিকা গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার গতকাল শনিবার এ খবর জানায়।
মিয়ানমারে প্রায় এক সপ্তাহের মধ্যে মসজিদে হামলার এটি দ্বিতীয় ঘটনা। সাম্প্রতিক সময়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে মুসলিম-বিদ্বেষ দৃশ্যত ক্রমাগত বাড়ছে।
উত্তরাঞ্চলীয় কাচিনের আপাকান্ট শহরে মসজিদে হামলার ঘটনাটি ঘটে। পত্রিকার খবরে বলা হয়, হামলাকারীরা লাঠিসোঁটা, ধারালো অস্ত্র নিয়ে মসজিদে হামলা চালায়। একপর্যায়ে তারা সেখানে আগুন দেয়। খবরে বলা হয়, হামলাকারীরা পুরোপরি নিয়ন্ত্রণের বাইরে ছিল। এলাকায় মসজিদ নির্মাণ নিয়ে দুই সম্প্রদায়ের স্থানীয় লোকজনের মধ্যে আগে থেকেই উত্তেজনা চলছিল।
গত শুক্রবারই জাতিসংঘের মানবাধিকারবিষয়ক একটি দলের ১২ দিনের মিয়ানমার সফর শেষ হয়। প্রতিনিধি দলটির নেতা ইয়াংহি লি বলেন, ‘পুরো মিয়ানমারে ধর্মীয় নানা বিষয় নিয়ে উত্তেজনা রয়েছে।’ তিনি মুসলিমদের বিরুদ্ধে রাষ্ট্রীয় স্তরে বৈষম্য নিরসনের আহ্বান জানান।
২০১২ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা হয়। দাঙ্গায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু হাজার হাজার রোহিঙ্গা মুসলিম ঘরবাড়ি ছাড়তে বাধ্য হন, যাঁদের অনেকেই পরে আশ্রয় নেন দেশটির বিভিন্ন আশ্রয় শিবিরে।