মিয়ানমারে কালাকানুন বাতিল
রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে মিয়ানমারের সাবেক জান্তা সরকারের জারি করা একটি নিবর্তনমূলক আইন গতকাল বুধবার বাতিল করেছে দেশটির নতুন সরকার।
১৯৫০ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতালাভের পর ওই বছরই দ্য ইমার্জেন্সি প্রভিশনস অ্যাক্ট নামের আইনটি প্রবর্তন করা হয়।
আইনটির ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো অভিযোগ ছাড়াই যেকোনো নাগরিককে আটক করতে পারত। এ ছাড়া তারা আটক ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে তার বিরুদ্ধে কারাদণ্ডের সুপারিশ করতে পারত। এই আইনে নৈতিকতা লঙ্ঘন এবং মিথ্যা সংবাদ প্রচারের মতো অপরাধে দণ্ডিত ব্যক্তিদের সাত বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান ছিল।
কয়েক দশকের সামরিক শাসনের অবসানের পর এ বছর মিয়ানমারের গণতন্ত্রীপন্থী নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ক্ষমতায় আসে। এনএলডি দীর্ঘ সময় ধরে এ আইন বাতিলের দাবি করে আসছিল।
মিয়ানমারের পার্লামেন্টের বিল কমিটির চেয়ারম্যান থুন থুন হেন বলেন, ‘কেউ বিরোধিতা করলেই তাকে গ্রেপ্তার করতে এই আইন ব্যবহার করত সামরিক স্বৈরাচারেরা। তবে এই আইন এবার আমরা বাতিল করছি। কেননা, এখন জনগণের সরকার ক্ষমতায় এসেছে।’
মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিউ আইনটি বাতিলের আদেশে স্বাক্ষর করেছেন। আইনটি বাতিল করতে গিয়ে অবশ্য পার্লামেন্টে সামরিক বাহিনীর নিয়োগ পাওয়া সদস্যদের কাছ থেকে বাধা আসে। মিয়ানমারের পার্লামেন্টের মোট আসনের ২৫ শতাংশ সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত। এসব এমপি যুক্তি দেখান, জাতীয় নিরাপত্তার জন্য এই আইন এখনো প্রয়োজন।
তবে পার্লামেন্টের একটি প্যানেলের চেয়ারম্যান ও এনএলডির সদস্য অং কিউ নিন্ত বলেন, ‘আমরা বলেছি, দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় যথেষ্ট আইন আমাদের আছে।’
১৯৯০-এর দশকে এই কালো আইনের বলে দুবার কারাভোগ করেছিলেন উ বো কিউই। এই আইন বাতিলের পর গতকাল তিনি বলেন, এটা একটা ইতিবাচক উদ্যোগ। রাজনৈতিক কারাবন্দীদের সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের সাধারণ সম্পাদক উ বো বলেন, এই আইনের বলে গ্রেপ্তার হওয়া তাঁদের ২০০ জন কারাভোগ করছেন। তিনি তাঁদের মুক্তি চান।
২০ মুসলিমের মুক্তি দাবি: বাতিল হওয়া এই আইনে কারাদণ্ড হওয়া ২০ মুসলিম নাগরিকের মুক্তি দাবি করেছে মানবাধিকার সংগঠন ফর্টিফাই রাইটস। সংগঠনের প্রতিষ্ঠাতা ম্যাথিউ স্মিথ এ দাবি করেন। এসব কারাভোগকারী ব্যক্তির আইনজীবী ও পরিবারের সদস্যরা দাবি করেছেন, শান রাজ্যের এসব অধিবাসী একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এটি ২০১৪ সালের ঘটনা। এই আইনে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করার অভিযোগ আনা হয়। ২০১৫ সালের জানুয়ারিতে এক নারীসহ ১৯ জনের ১৪ বছর করে কারাদণ্ড হয়। ১৫ বছর বয়সী অন্য একটি ছেলেকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।