মিয়ানমারে ক্ষমতাসীন দলের পরাজয় স্বীকার

মিয়ানমারের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
বিরোধী দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) কাছে পরাজিত হওয়ার বিষয়টি আজ সোমবার মেনে নেন জান্তা-সমর্থিত ইউএসডিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতেয় ও। নির্বাচনের ফলাফল মেনে নেবেন বলেও জানান তিনি।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হতেয় ও বলেন, ‘আমরা হেরে গেছি।’
দেশটির বর্তমান প্রেসিডেন্ট থেইন সেইনের ঘনিষ্ঠ সহযোগী হতেয় ও আরও বলেন, ‘আমরা কেন হেরেছি, তার কারণ খুঁজে দেখব। যা-ই হোক, কোনো ধরনের আপত্তি ছাড়াই আমরা ফলাফল মেনে নেব। আমরা এখনো চূড়ান্ত ফল জানি না।’
নির্বাচনের ফলাফল নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বলেননি প্রেসিডেন্ট থেইন সেইন।নির্বাচনে বড় সাফল্যের ব্যাপারে আশাবাদী নোবেল শান্তি পুরস্কারজয়ী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির এনএলডি।
মিয়ানমারে দীর্ঘ প্রতীক্ষিত সাধারণ নির্বাচনে গতকাল রোববার ভোটগ্রহণ সম্পন্ন হয়। বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর শুরু হয় গণনা। ভোট গণনা এখনো চলছে। প্রাথমিক ফলাফল আজ প্রকাশ করা হতে পারে বলে বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়েছে।
দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে ভোটার ছিল প্রায় তিন কোটি। অন্তত ৯০টি দলের কমপক্ষে ছয় হাজার প্রার্থী ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারদের উপস্থিতি ছিল প্রায় ৮০ শতাংশ।
মিয়ানমারে গত ২৫ বছরের মধ্যে গতকালের নির্বাচনকে সবচেয়ে অবাধ বলে গণ্য করা হচ্ছে। পরিবর্তনের স্বপ্ন নিয়ে দেশটির জনসাধারণ স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন।
একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের পথে এই নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।
নির্বাচন পার্লামেন্টের ৭৫ শতাংশ আসনের প্রতিনিধি চূড়ান্ত করবে। বাকি ২৫ শতাংশ আসন অনির্বাচিত সামরিক প্রতিনিধিদের জন্য সংরক্ষিত রয়েছে। সংখ্যাগরিষ্ঠতার জন্য এনএলডিকে ৬৭ শতাংশ আসনে জয়ী হতে হবে।
নির্বাচনের আগেই প্রেসিডেন্ট থেইন সেইন বলেছেন, ফলাফল যা-ই হোক না কেন, সরকার ও সেনাবাহিনী তা মেনে নেবে।
আরও পড়ুন:মিয়ানমারে নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা নতুন দিনের স্বপ্ন মিয়ানমার: ইতিহাসের পথপরিক্রমা