মিয়ানমারে জাতিগোষ্ঠী মন্ত্রণালয় বানাচ্ছে নতুন সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে দায়িত্ব নিতে যাওয়া নতুন সরকার গতকাল বৃহস্পতিবার জাতিগোষ্ঠী-বিষয়ক পৃথক মন্ত্রণালয় করার ঘোষণা দিয়েছে। দেশটিতে গৃহযুদ্ধ ও জাতিগত সংঘাতের পরিপ্রেক্ষিতে সংখ্যালঘু জাতিগোষ্ঠীর সঙ্গে সম্পর্কোন্নয়নে নতুন সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হলো।
ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চি এবং তাঁর আশীর্বাদপুষ্ট নবনির্বাচিত প্রেসিডেন্ট থিন কিউয়ের নেতৃত্বাধীন সরকার এই মাসের শেষ দিকে দায়িত্ব বুঝে নেবে। এর আগে সরকারের একটি রূপরেখা ঘোষণা করা হয়েছে। এতে দেখা যায়, সামরিক জান্তা সরকারের আদল থেকে বেরিয়ে এসে নতুন করে বেসামরিক সরকারকাঠামো প্রণয়ন করা হবে। মন্ত্রণালয়ের সংখ্যা ৩৬ থেকে ২১টিতে নেমে আসবে।
স্পিকার মান উইন খাইং বলেন, মন্ত্রণালয়ের পরিকল্পনা নিয়ে আজ শুক্রবার পার্লামেন্টে সাংসদদের মধ্যে আলোচনা হবে। ৩০ মার্চ থিন কিউ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে।
গত বছরের নির্বাচনে বিজয়ী হওয়ার পর সু চির নেতৃত্বাধীন এনএলডি ঘোষণা দিয়েছিল, তারা রাষ্ট্র পরিচালনা সবার অধিকার নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করবে।