মিয়ানমারে নতুন প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের ওপর থেকে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়ায় দেশটিতে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। মিয়ানমারের ব্যবসায়ী সম্প্রদায় সন্তোষ প্রকাশ করলেও মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণার মাধ্যমে বারাক ওবামা মিয়ানমারের প্রভাবশালী সেনাবাহিনীকে আরও সুযোগ করে দিলেন।
মিয়ানমারের ব্যবসায়ীরা বলেছেন, দারিদ্র্যপীড়িত দেশটির উন্নয়নে মার্কিন প্রেসিডেন্টের অবরোধ প্রত্যাহারের ঘোষণা নতুন অধ্যায়ের সূচনা করবে। তবে মানবাধিকার কর্মীদের বক্তব্য, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের কারণে মিয়ানমারের ক্ষমতাধর সেনাবাহিনী আরও শক্তি পাবে। কেননা, এখনো দেশের বেশির ভাগ ব্যবসা-বাণিজ্য তারাই নিয়ন্ত্রণ করে। দেশের মানবাধিকার ও গণতন্ত্রের উন্নয়নে এটি বাস্তবসম্মত সিদ্ধান্ত নয়।
সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য অং সান সু চি মিয়ানমারের প্রেসিডেন্ট হতে পারেননি। কিন্তু তাঁকে দেশের অঘোষিত প্রধান বলেই গণ্য করা হয়। ক্ষমতায় আসার পর সু চি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যান। আর এ সফরে গত বুধবার সু চির সঙ্গে সাক্ষাতের সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়া হবে বলে ঘোষণা দেন।
মিয়ানমারের সামরিক জান্তার ওপর চাপ প্রয়োগ করতেই ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্র দেশটির ওপর নিষেধাজ্ঞা জারি করে। মার্কিন সরকার মিয়ানমারের সামরিক জান্তাসংশ্লিষ্ট শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে এদের সঙ্গে মার্কিন নাগরিকদের লেনদেনে বিধিনিষেধ জারি করে।
এশিয়ার উদীয়মান অর্থনৈতিক শক্তি মিয়ানমারে ইতিমধ্যে বেশ কিছু মার্কিন প্রতিষ্ঠান প্রবেশ করেছে।
ওবামার অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতির ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিয়ানমারের তিন দশকের শীতল কূটনৈতিক সম্পর্ক আবার স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে। ওবামা ওই বৈঠকের পর বলেন, ‘বার্মার (মিয়ানমারের আগের নাম) ওপর কিছুদিন ধরে যে নিষেধাজ্ঞা আরোপ রয়েছে, যুক্তরাষ্ট্র এখন তা তুলে নিতে প্রস্তুত। এটা তুলে নেওয়ার যথার্থ সময় এটি। নতুন সরকারের আমলে নতুন করে বার্মার মানুষ তাদের কর্মকাণ্ড চালিয়ে নেবে, সেই লক্ষ্যেই এ সিদ্ধান্ত।’
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মিয়ানমারের ব্যবসায়ীসহ নানা ক্ষেত্রের পেশাজীবীরা। ফার্স্ট মিয়ানমার ইনভেস্টমেন্ট নামের একটি প্রতিষ্ঠানের প্রধান সার্জি পুন বলেন, ‘এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। মিয়ানমারের অর্থনৈতিক উন্নয়নে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে এই ঘোষণা। এখন আমি দেশের ভবিষ্যৎ নিয়ে যতটা আশাবাদী, আগে ততটা ছিলাম না।’
কিন্তু মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণার মাধ্যমে ওবামা মিয়ানমারের সেনাবাহিনীকে আরও সুযোগ করে দিলেন। মানবাধিকার সংগঠন ফর্টিফাই রাইটসের প্রধান নির্বাহী ম্যাথিউ স্মিথ বলেন, ‘নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা সেনাবাহিনী ও তাদের মিত্রদের সহযোগিতাই করবে। এ সিদ্ধান্ত দেশটির রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়।’