মিয়ানমারে নৌকা ডুবে ৩২ জনের প্রাণহানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি নদীতে খেয়ানৌকা ডুবির ঘটনায় অন্তত ৩২ জন মারা গেছেন। অনেকে নিখোঁজ রয়েছেন। সোমবার মিয়ানমারের উদ্ধারকারী একজন কর্মকর্তা এ কথা জানান।
আঞ্চলিক সহযোগিতা বিভাগের প্রধান সা উইলি ফ্রাঙ্ক বলেন, সাগাইং অঞ্চলের চিনউইন নদীতে শনিবার নৌকা ডুবে যাওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ১৫০ জনকে উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেল ৪টা পর্যন্ত ৩২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। চলমান উদ্ধার কার্যক্রমে এখন পর্যন্ত ৬০ জনের কোনো হদিস পাওয়া যায়নি বলে তিনি জানান।
স্থানীয় সাংসদ কিও তা লুইন বলেন, নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা বাড়তে পারে। তিনি বলেন, ‘আমি প্রত্যক্ষদর্শীর কাছে শুনেছি নৌযানটিতে কমপক্ষে ৩০০ যাত্রী ছিলেন। যদিও এটির ধারণক্ষমতা ছিল ১২০ জনের।’