মিয়ানমারে নৌযান সংঘর্ষে নিহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে বজরার সঙ্গে যাত্রীবাহী নৌকার সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে মিয়ানমারের পশ্চিমাঞ্চলে বাণিজ্যিক রাজধানী ও বন্দরনগর ইয়াঙ্গুনের পাথেইন নদীতে এ দুর্ঘটনা ঘটে। আজ শনিবার দিনের আলোয় উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ শুরুর সময় আরও মৃতদেহ পাওয়া যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এএফপির।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, মারা যাওয়া লোকজনের মধ্যে বেশির ভাগই নারী। ডুবে যাওয়া নৌকায় ৮০ জন যাত্রী ছিলেন।

স্থানীয় একটি গণমাধ্যম জানিয়েছে, নৌকাটির যাত্রীরা একটি বিয়েবাড়ির নিমন্ত্রণ শেষে ফিরছিলেন।

আজ সকালে আঞ্চলিক এমপি অং থু হেতু এএফপিকে বলেন, ১৬ নারী ও চারজন পুরুষ নৌকাডুবিতে মারা গেছেন। ধারণা করা হচ্ছে, নয়জন এখনো নিখোঁজ। ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কতজন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে গিয়েছিল, তা তিনি নিশ্চিত করতে পারেননি।

ভয়াবহ নৌ-দুর্ঘটনা মিয়ানমারে প্রায়ই ঘটে থাকে। সেখানে অনেক মানুষ বন্যাপ্রবণ নদীগুলো পারাপারে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকার ওপর নির্ভর করে। গত অক্টোবরে মধ্য মিয়ানমারের চিন্দউইন নদীতে নৌকাডুবিতে অনেক শিক্ষক-শিক্ষার্থীসহ ৭৩ জন মারা যায়। সব মৃতদেহ উদ্ধারে সাত দিন সময় লেগেছিল।