মিয়ানমারে পুলিশের ওপর হামলার দায়ে রোহিঙ্গার মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের একটি আদালত দেশটির পুলিশ বাহিনীর ওপর হামলার দায়ে এক রোহিঙ্গাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। গতকাল সোমবার মিয়ানমারের পুলিশ বিভাগ জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মামাহদনু আকা আউলা।
গত বছরের ৯ অক্টোবর মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশের তিনটি তল্লাশিচৌকিতে সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ওই হামলায় নয়জন পুলিশ কর্মকর্তা নিহত হন। এরপর মিয়ানমারের সরকার ওই রাজ্যে ব্যাপক হারে সেনা অভিযান শুরু করে। এ সময় নিহত হয় শত শত রোহিঙ্গা মুসলিম। মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় ৬৫ হাজার রোহিঙ্গা।
রাখাইন রাজ্যের সিটুয়ে পুলিশপ্রধান ইয়ান নাইং লেট্ট বলেন, সিটুয়ের একটি আদালত কোটানকাউক সীমান্তচৌকিতে আক্রমণকারীদের এক নেতাকে গত শুক্রবার মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। তবে রায় কার্যকরের তারিখ সম্পর্কে তিনি কিছু জানাননি।
তদন্ত করবে সরকার
রয়টার্স জানায়, রোহিঙ্গাদের ওপর পুলিশ বাহিনী নির্যাতন-নিপীড়ন চালিয়েছে কি না, তা তদন্ত করে দেখার কথা জানিয়েছে দেশটির সরকার। সংখ্যালঘু এই জনগোষ্ঠীর ওপর নিরাপত্তা বাহিনীর নৃশংসতা চালানোর অভিযোগ খতিয়ে দেখা হবে—গত সপ্তাহে সেনাবাহিনী এ কথা ঘোষণা করার পর সপ্তাহান্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তদন্তের এ ঘোষণা দিল।
কয়েক দিন আগে এক প্রতিবেদনে জাতিসংঘ অভিযোগ করেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রাখাইন রাজ্যে অভিযান শুরু করার পর থেকে রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ ও গণধর্ষণ চালিয়েছে; জ্বালিয়ে দিয়েছে তাদের গ্রামগুলো। খুব সম্ভবত এসব ঘটনা ‘মানবতাবিরোধী অপরাধ’ ও জাতিগত শুদ্ধি অভিযানের মধ্যে পড়ে।