মিয়ানমারে প্রথম জিকা ভাইরাসে আক্রান্ত নারী শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে প্রথম জিকা ভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, অন্তঃসত্ত্বা এক বিদেশি মশাবাহিত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে দিয়ে বলেছে, এশিয়ার নানা দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। এ পর্যন্ত বিশ্বের ৭০টি দেশে জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় ১৭টি দেশ রয়েছে।

মিয়ানমারের দৈনিক গ্লোবাল নিউলাইট অব মিয়ানমার বলেছে, গতকাল বৃহস্পতিবার ৩২ বছর বয়সী এক বিদেশি নারীর দেহে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। সাধারণভাবে জিকা ভাইরাসের প্রভাব খুব বেশি নয়। এতে জ্বর হয়, চোখ ফুলে যায় এবং শরীরে ছোট দাগ উঠতে পারে। তবে অন্তঃসত্ত্বা নারীরা জিকায় আক্রান্ত হলে গর্ভের সন্তানের মাইক্রোসেফালি রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এতে আক্রান্ত শিশুদের মস্তিষ্ক এবং মাথা বেশ ছোট হয়। এ পর্যন্ত শুধু সিঙ্গাপুরেই জিকায় আক্রান্ত ৪০০ ব্যক্তি শনাক্ত হয়েছে। গত মাসে থাইল্যান্ডে জিকার কারণে দুটি শিশু মাইক্রোসেফালি রোগে আক্রান্ত হয়েছে।

ডব্লিউএইচও তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলেছে, চীন, জাপান, অস্ট্রেলিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার সবকটি দেশেই ব্যাপকভাবে জিকা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।