মিয়ানমারে প্রেসিডেন্ট পদে সু চির প্রার্থী থিন কিউ

মিয়ানমারে সাধারণ নির্বাচনের চার মাস পর বিজয়ী দল এনএলডি প্রেসিডেন্ট হিসেবে দলের প্রবীণ নেতা থিন কিউয়ের নাম প্রস্তাব করেছে। এর ফলে এটি নিশ্চিত হয়ে গেল, দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী ও এনএলডি-প্রধান অং সান সু চি প্রেসিডেন্ট হচ্ছেন না।
মিয়ানমারের পার্লামেন্টের নিম্নকক্ষে গতকাল বৃহস্পতিবার এনএলডির পক্ষ থেকে সু চির ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত থিন কিউয়ের নাম প্রস্তাব করা হয়। এ ছাড়া উচ্চকক্ষে প্রস্তাব করা হয় দলটির এমপি হেনরি ভ্যান থিয়োর নাম। থিয়ো মিয়ানমারের চিন জাতিগোষ্ঠীর সদস্য। পার্লামেন্টের দুটো কক্ষেই যেহেতু এনএলডির সংখ্যাগরিষ্ঠতা আছে, তাই এ দলের প্রার্থীরাই যে জিতবেন তা নিশ্চিত। দুই কক্ষ থেকে বিজয়ী দুজন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটাভুটিতে অংশ নেবেন। এখানে দেশটির শক্তিশালী সামরিক বাহিনী মনোনীত এক প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করবেন। একজন প্রেসিডেন্ট হলে পরাজিত দুই প্রার্থী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
পাঁচ দশকের বেশি সময় পর গত বছরের ৮ নভেম্বর অনুষ্ঠিত মিয়ানমারের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে বিপুল জয় পায় ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। সেনাবাহিনীর তৈরি দেশটির সংবিধান অনুযায়ী, কারও সন্তান বা স্বামী বিদেশি নাগরিক হলে তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না। সু চির স্বামী ও দুই সন্তান ব্রিটিশ নাগরিক। সংবিধান সংশোধন প্রশ্নে এনএলডি নেত্রী সু চি সেনাবাহিনীর সঙ্গে আলোচনা শুরু করেন। তবে সেই আলোচনা ফলপ্রসূ হয়নি। এর ফলে ১৭ মার্চ প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারিত থাকলেও এক সপ্তাহ এগিয়ে এনে গতকাল প্রেসিডেন্ট পদে প্রার্থিতা ঘোষণা করা হয়। এনএলডির প্রার্থী ৭০ বছর বয়সী থিন কিউ তাঁর সততা এবং দলের প্রতি আনুগত্যের জন্য সুপরিচিত। তাঁর বাবা মিয়ানমারের বিখ্যাত লেখক মিন থু উন। থিন কিউয়ের স্ত্রী সু সু লুইন এখন এনএলডির এমপি। সু চির মায়ের স্মৃতি রক্ষার্থে প্রতিষ্ঠিত দাতব্য প্রতিষ্ঠান দো খেন চি ফাউন্ডেশনের দেখভালের দায়িত্বে আছেন থিন কিউ।