মিয়ানমারে বদলের হাওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও
মিয়ানমারে গণতান্ত্রিক পটপরিবর্তনের সূচনা হিসেবে ২০১২ সালে গণমাধ্যম অবারিত হতে শুরু করে। পরিবর্তনের এই হাওয়া লেগেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ভাইবার ও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে লোকজন বেশ খোলামেলাভাবে নিজেদের মত প্রকাশ করছেন। ফলে নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশার চাপটাও বেশি। জনগণের এই উচ্চাশাই দক্ষিণ-পূর্ব এশিয়ার এনএলডি নেতৃত্বাধীন নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।
২০১৫ সালের নভেম্বরে নির্বাচনে বিপুল বিজয়ের পর গত মার্চে মিয়ানমারের নতুন সরকার হিসেবে দায়িত্ব নিয়েছে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)।
গতকাল শনিবার দুপুরে ইয়াঙ্গুনের নিজের দপ্তরে বসে দেশের নতুন সরকারের চ্যালেঞ্জ ও মত প্রকাশের পরিস্থিতি সম্পর্কে এমন প্রতিক্রিয়া জানালেন মিজিমা মিডিয়া গ্রুপের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক সোয়ে মিন্ট।
সোয়ে মিন্ট ১৯৯৮ সালে দিল্লি থেকে অনলাইন দৈনিক হিসেবে মিজিমার বার্মা সংস্করণের প্রচার শুরু করেন। পরে দিল্লির পাশাপাশি কলকাতা, মিজোরাম ও ব্যাংককে দপ্তর খোলে মিজিমা। ২০১২ সালে তিনি দেশে ফেরার পর এখন অনলাইনের পাশাপাশি পত্রিকাটি দৈনিক হিসেবে প্রকাশিত হয়। এ ছাড়া প্রতিষ্ঠানটি ‘একই’ নামে একটি ইংরেজি সাপ্তাহিক প্রচারের পাশাপাশি টেলিভিশনের জন্য বিষয়ভিত্তিক অনুষ্ঠান প্রচার করে।
গতকাল দুপুরে আপার পাজুনতং সড়কে নিজের দপ্তরে বসে বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের সঙ্গে পরিবর্তিত মিয়ানমার নিয়ে কথা বলছিলেন সোয়ে মিন্ট। তিনি জানালেন, পরিবর্তনের হাওয়ার কারণে তাঁর দেশে গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে নাটকীয় পরিবর্তন ঘটেছে। মাত্র পাঁচ বছরে বিদেশি বিনিয়োগ এসেছে ৪ হাজার কোটি ডলার।
সোয়ে মিন্ট বলেন, মিয়ানমারের ৫ কোটি ১০ লাখ জনসংখ্যার মধ্যে ভাইবার ব্যবহারকারীর সংখ্যা ১ কোটি ২০ লাখ। আর ফেসবুক ব্যবহার করেন ৮০ লাখ। ভাইবার ও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে লোকজন সহজে তথ্য বিনিময় করছেন। দেশের বিভিন্ন বিষয়ে নিজেদের মত প্রকাশ করছেন। সাম্প্রতিক সময়গুলোতে ট্রাফিক আইন লঙ্ঘনসহ বেশ কিছু ক্ষেত্রে ফেসবুকে প্রচারণার পর পুলিশ দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ প্রসঙ্গে:
দুই দেশের সম্পর্কের বিষয়ে জানতে চাইলে মিজিমা গ্রুপের প্রধান সম্পাদক বলেন, সীমান্তের ওপারের দেশ হলেও বাংলাদেশ সম্পর্কে লোকজনের জানার পরিধিটা একেবারেই কম। তাঁর কথায় সায় দিলেন তাঁরই সহকর্মী ও ২০১৪ সালে একটি ফেলোশিপে বাংলাদেশ ঘুরে যাওয়া আলোকচিত্রী হং সার। দুই সপ্তাহের জন্য বাংলাদেশ থাকার পর বুঝলেন ধারণা ও বাস্তবতার তফাতটা। হং সার বলেন, ‘বাংলাদেশে যাওয়ার আগে লোকজনকে বলতে শুনেছি, সে দেশের মানুষ তেমন ইতিবাচক হবে না ইত্যাদি, ইত্যাদি। অথচ বাস্তবে দেখেছি উল্টোটা। মিয়ানমার থেকে গিয়েছি শুনে বাংলাদেশের লোকজন উষ্ণতা নিয়ে এগিয়ে এসেছেন। কাজেই ভুল ধারণাটা বদলাতে হলে দুই দেশের লোকজনের যোগাযোগটা বাড়াতে হবে। গণমাধ্যমকে ভূমিকা নিতে হবে।’
সোয়ে মিন্ট মনে করেন, দুই নিকট প্রতিবেশীর সম্পর্ক নিবিড় করতে হলে কৃষি, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলাসহ নির্দিষ্ট বিষয়ে সহযোগিতা এগিয়ে নিতে মনোযোগ দেওয়া উচিত।
গত শুক্রবার সন্ধ্যায় ইয়াঙ্গুনের থান লিন সড়কে কথা হয় নরওয়ের মুঠোফোন প্রতিষ্ঠান টেলিনরের হেড অব পারফরম্যান্স ম্যানেজমেন্ট হাসনাইন তৌফিক আহমেদের সঙ্গে। তিনি বললেন, ২০১৩ সালে একটি সিম কিনতে যেখানে আড়াই শ ডলার লাগত, এখন তা পাওয়া যাচ্ছে মাত্র দেড় ডলারে।
হাসনাইন তৌফিক বলেন, ২০১২ সালের আগে মিয়ানমারের জনসংখ্যার মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫ শতাংশেরও কম। এখন সেই হার ৫৬ শতাংশ। আর মুঠোফোন ব্যবহারকারীর হার মোট জনসংখ্যার ৬০ শতাংশ।