মিয়ানমারে বাধার মুখে মানবাধিকার প্রতিনিধি
মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে হতাশ হয়েছেন জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক প্রতিনিধি ইয়াংঘি লি। মিয়ানমারে আগামী ৮ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনোত্তর পরিস্থিতি পর্যালোচনা করতে সেখানে যান তিনি। খবর এপির।
জাতিসংঘের প্রতিনিধি মিয়ানমারে নিপীড়নের শিকার রোহিঙ্গাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু বিভিন্ন মহলের বাধায় রোহিঙ্গাদের সঙ্গে তাঁর দেখা করা হয়নি। সরকারি কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠকের আবেদনও প্রত্যাখ্যান বা শেষ মুহূর্তে বাতিল করা হয়। শুক্রবার ইয়াংঘি লি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করার সুযোগ না পাওয়া ও ভ্রমণের কর্মসূচি বিঘ্নিত হওয়ার কারণে তাঁর জন্য দায়িত্ব পালন করা অসম্ভব হয়ে পড়েছে।
এক বছরের কিছু বেশি সময় আগে মিয়ানমারের মানবাধিকার বিষয়ে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হওয়ার পর এ নিয়ে সে দেশে তিনবার সফর করলেন ইয়াংঘি লি। তিনি অভিযোগ করেছেন, প্রতিবারই তাঁর সফর কঠিন হয়ে উঠেছে। ইয়াংঘি লি রোহিঙ্গাদের দুর্দশার মতো স্পর্শকাতর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি আগের মতো ১০ দিনের জন্য সফর করতে চাইলেও এবার মাত্র পাঁচ দিনের অনুমতি দেওয়া হয়।