মিয়ানমারে বিরোধিতা সত্ত্বেও কার্যকর বিতর্কিত জনসংখ্যা আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার একটি নতুন জনসংখ্যা আইন প্রণয়ন করেছে, যাকে মানবাধিকার কর্মীরা নির্যাতিত রোহিঙ্গা মুসলিম অধিবাসীদের জন্য শাস্তিমূলক বলে আখ্যা দিয়েছে। সংখ্যালঘু রোহিঙ্গারা দেশটিতে নির্যাতনের শিকার হয়ে দলে দলে পালাচ্ছে। খবর এএফপির।
নতুন আইনটির বলে আঞ্চলিক সরকারগুলো নিজ নিজ রাজ্যে জন্মহার কমানোর জন্য পরিবার পরিকল্পনার বিধিবিধান জারি করতে পারবে। রাষ্ট্র পরিচালিত মিয়ানমার আলিন পত্রিকা শনিবার জানায়, প্রেসিডেন্ট থেইন সেইন গত ১৯ মে আইনটি অনুমোদন করেছেন। এ আইন অনুযায়ী স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত করে দেখতে পারবে যে অভিবাসীর সংখ্যা বেশি হওয়া এবং উচ্চ জন্মহার ও উচ্চহারে জনসংখ্যা বৃদ্ধির জন্য কোনো এলাকায় সম্পদের পরিমাণ ভারসাম্যহীন কি না। স্থানীয় কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারকে এমন আইন জারির জন্য অনুরোধ করতে পারবে যাতে করে নারীরা এক সন্তানের জন্মদানের পর আরেকটি সন্তানের জন্য ‘অন্তত ৩৬ মাস’ অপেক্ষা করতে বাধ্য হয়। তবে এ আইন না মানলে কী সাজা হবে তা স্পষ্ট নয়।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, নতুন আইন সুস্পষ্টভাবেই রোহিঙ্গাদের লক্ষ্য করে তৈরি করা। এইচআরডব্লিউ-এর এশিয়া অঞ্চলের উপপরিচালক ফিল রবার্টসন বলেন, ‘এটি নিশ্চিতভাবেই জাতিগত ও ধর্মীয় উত্তেজনার পরিস্থিতির অবনতি ঘটাবে। আমাদের আশঙ্কা, রাখাইন রাজ্যের মুসলিম রোহিঙ্গারা এ আইনের ১ নম্বর লক্ষ্যবস্তু হবে।’
পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যের বাসিন্দা রোহিঙ্গাদের মিয়ানমার নাগরিক বলে স্বীকার করে না। তারা এদের ‘বাঙালি’ বা বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী বলে দাবি করে থাকে।