মিয়ানমারের ইয়াঙ্গুন শহরে বোমা স্থাপনের অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ। পুলিশ গতকাল শনিবার বলেছে, আটক তিনজনই মুসলিম। রাখাইন রাজ্যের ‘সন্ত্রাসীদের’ সঙ্গে তাঁদের কোনো যোগাযোগ রয়েছে কি না, জানতে তদন্ত চলছে।
এদিকে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পুলিশ বলেছে, পুরোনো রাজধানী ইয়াঙ্গুনে গত শুক্রবার রাতে স্থানীয় সরকারের একটি ভবনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বোমাগুলো স্থাপনের সময় তিনজনকে আটক করা হয়।
রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর সরকারি বাহিনীর নির্যাতনের মধ্যে ওই তিন ব্যক্তি গ্রেপ্তার হলেন। রাখাইনে সেনা হামলা ও নির্যাতনে অন্তত ৮৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি ঘরছাড়া হয়েছে প্রায় ৩০ হাজার রোহিঙ্গা। সরকারি বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা নারীদের ধর্ষণেরও অভিযোগ উঠেছে।
অ্যামনেস্টির নিন্দা: এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, মিয়ানমার ও বাংলাদেশ রোহিঙ্গাদের সঙ্গে ‘সহানুভূতিহীন আচরণ’ করছে। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে লন্ডনভিত্তিক সংগঠনটি বলেছে, মিয়ানমারের কর্তৃপক্ষ সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের সামষ্টিক শাস্তির লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। অন্যদিকে মানবিক সহায়তার আশায় হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাদের ফেরত পাঠানো হচ্ছে। এটা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
বিবৃতিতে অ্যামনেস্টির দক্ষিণ এশিয়াবিষয়ক পরিচালক চম্পা প্যাটেল বলেন, রোহিঙ্গারা মিয়ানমার ও বাংলাদেশ উভয় দেশের কর্তৃপক্ষের নির্দয় আচরণের মধ্যে চাপা পড়েছে। নিষ্ঠুর ভাগ্যের ফাঁদে পড়া এই রোহিঙ্গাদের অপরিহার্য খাবার, পানি, চিকিৎসা সহায়তার প্রয়োজনীয়তার দিকে কেউ নজর দিচ্ছে না।