মিয়ানমারে মণির খনিতে ধস

মিয়ানমারের উত্তরাঞ্চলে প্রত্যন্ত একটি এলাকায় সবুজ মণির (জেইড) খনিতে ভূমিধস হয়েছে। এতে প্রায় ৫০ জন মাটির নিচে চাপা পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল শুক্রবার বিকেলে কাচিন রাজ্যের পাকান্ত শহরের ওই খনিতে ধস নামে। সেখানে দেশটির কোটি কোটি ডলারের সবুজ মণির কারখানা রয়েছে। খবর এএফপির।
পাকান্তের প্রশাসনিক কর্মকর্তা নিলার মিয়ান্ত বলেন, কাদা ও পাথরের মধ্যে উদ্ধারকাজ চলছে। এখন পর্যন্ত কতজন মারা গেছেন তা নিশ্চিত নয়।
স্থানীয় গণমাধ্যম বলছে, ৫০ জন ধসের নিচে চাপা পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে পাকান্তের প্রশাসনিক কর্মকর্তা মিয়ো হেটেট অং বলেন, ওই গ্রামটির আশপাশে উদ্ধারকাজে নিয়োজিত কর্মকর্তারা বলছেন, ভূমিধসের সময় তিন থেকে চারজন নিখোঁজ হন। উদ্ধারকাজ চলার সময় তাঁরা আর কোনো মৃতদেহ খুঁজে পাননি।
গত মাসে একই এলাকায় ভূমিধসে শতাধিক ব্যক্তি নিহত হন। মিয়ানমারের এই এলাকাটি প্রত্যন্ত। এখানে ফোনের যোগাযোগব্যবস্থা ভালো নয়। রাস্তাঘাটের অবস্থাও খারাপ।