মিয়ানমার একসময় রোহিঙ্গাদের বসবাসের বৈধতা দিয়েছিল বলে ১৯৭৮ সালের একটি গোপন দলিলে ইঙ্গিত মিলেছে। বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে ওই বছর মিয়ানমার একটি ‘প্রত্যাবাসন চুক্তি’ করেছিল। যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় ২০১৪ সালে এই ‘গোপন’ দলিল প্রকাশ করে। এশীয় একজন কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে এই দলিলের গ্রহণযোগ্যতা নিশ্চিত করেছেন।
বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার কর্তৃপক্ষ দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের ওপর কৌশলগত দমন-পীড়ন চালাচ্ছে। এতে তাদের অনেকে প্রাণে বাঁচতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। জাতিসংঘের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই ‘জাতিগত নির্মূল’ প্রক্রিয়াকে সুস্পষ্টভাবে অবৈধ আখ্যা দিয়েছেন।
রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ করতে দেশে-বিদেশে বিভিন্ন মানবাধিকার সংগঠন সরব হয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে গত নভেম্বরে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় সেনা অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ২৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। মিয়ানমার কর্তৃপক্ষ দাবি করছে, রোহিঙ্গাদের মিয়ানমারে বসবাসের বৈধতা নেই। তাদের বাংলাদেশে চলে যাওয়া উচিত। কারণ, এই জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক উৎস সেখানেই।
ইতিহাস বলছে, রোহিঙ্গারা অষ্টম শতাব্দী থেকেই রাখাইন রাজ্যের সঙ্গে যুক্ত। কিন্তু মিয়ানমার সরকার সেটা অস্বীকার করতে চাইছে। তারা ১৯৬২ সালের পর থেকে রোহিঙ্গাদের ওপর নতুন করে নিপীড়ন শুরু করে। তাদের রাজনৈতিক ও সামাজিক সংগঠন বন্ধ করে দেওয়ার চেষ্টা চালায়। ১৯৭৭ সালে মিয়ানমার নাগরিক নিবন্ধন শুরু করে এবং ‘বিদেশিদের’ চিহ্নিত করে। রোহিঙ্গাদের অভিযোগ, মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর দমন-পীড়নের পাশাপাশি ধর্ষণ ও হত্যা শুরু করে। ১৯৭৮ সালের মে মাসের মধ্যে প্রায় দুই লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে এবং সীমান্তের কাছাকাছি জাতিসংঘের বিভিন্ন আশ্রয়শিবিরে থাকতে শুরু করে।
মিয়ানমার প্রকাশ্যে দাবি করছে, রোহিঙ্গারা পালিয়ে গিয়ে প্রমাণ করেছে তারা দেশটির বৈধ নাগরিক নয়। তবে বাংলাদেশ ওই শরণার্থীদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানায়। জাতিসংঘও দেশটিকে এ বিষয়ে রাজি করানোর চেষ্টা করছে।