মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল পাশের দেশগুলোও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে গতকাল বুধবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তা অনুভূত হয়েছে প্রতিবেশী বাংলাদেশ, ভারত ও চীনের বিস্তীর্ণ অঞ্চলে। তবে গতকাল মধ্যরাতের কিছু সময় পর শেষ খবর পাওয়া পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ৬ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের উত্তর-পশ্চিমের একটি এলাকা। রাজধানী নেপিডো থেকে এলাকাটি ৩৯৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ১৩৪ কিলোমিটার গভীরে।
মিয়ানমারের যে প্রত্যন্ত এলাকায় এই ভূমিকম্প আঘাত হানে, সেটিসহ আশপাশের বেশির ভাগ প্রদেশেই যোগাযোগের অবকাঠামো খুবই দুর্বল। ফলে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি ঘটলেও তার তথ্য পেতে বেশ সময় লেগে যেতে পারে।
উৎপত্তিস্থল থেকে কমবেশি ১০০ কিলোমিটার দূরে অবস্থিত সাগাইং অঞ্চলের মাওলিত থেকে নির্বাচিত আইনপ্রণেতা চো চো উইন বলেন, তিনি ভয়াবহ এই ভূমিকম্প কয়েক মিনিট ধরে অনুভব করেছেন। চো উইন বলেন, এর ফলে ধ্বংস ও ক্ষয়ক্ষতি ঘটতে পারে। কিন্তু রাতের বেলা ক্ষয়ক্ষতির মাত্রা জানা খুবই কঠিন। সাগাইং অঞ্চলেরই মিনকিনের বাসিন্দা তিন নিও বলেন, তিনি এযাবৎকালে যেসব ভূমিকম্প অনুভব করেছেন, তার মধ্যে এটি ছিল সবচেয়ে শক্তিশালী।
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, মেঘালয়ের শিলং, আসামের গুয়াহাটি ও বিহারের পাটনা শহরে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। এর মধ্যে কলকাতায় লোকজন ভবন ছেড়ে রাস্তায় নেমে আসে। স্থানীয় বাসিন্দারা কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে বলে জানিয়েছেন। শহরের মেট্রোরেল কয়েক মিনিটের জন্য বন্ধ রাখা হয়। পাশাপাশি ভারতের দিল্লি, ওডিশা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে মৃদু ভূকম্পন অনুভূত হয় বলে খবর দিয়েছে দেশটির টেলিভিশন চ্যানেল এনডিটিভি ও বার্তা সংস্থা পিটিআই।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, স্বায়ত্তশাসিত তিব্বত অঞ্চলে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। সেখানকার প্রশাসনিক রাজধানী লাসার লোকজন বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসে।
মিয়ানমারে মাঝেমধ্যেই ভূমিকম্প সংঘটিত হয়। তবে ২০১২ সালের পর আর বড় ধরনের ভূমিকম্প প্রত্যক্ষ করেনি। ওই বছরের নভেম্বরে দেশটির মধ্যাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ২৬ জনের প্রাণহানির পাশাপাশি কয়েক শ লোক আহত হয়।