মিয়ানমারে শীর্ষ বৈঠকের ডাক প্রেসিডেন্টের
গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিসহ বিরোধীদলীয় রাজনীতিবিদ ও শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাদের সমন্বয়ে এক নজিরবিহীন শীর্ষ বৈঠক আহ্বান করেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন। দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের এক বছর বাকি থাকতে এ আহ্বান জানালেন তিনি। খবর এএফপির।
রাজনৈতিক সূত্রগুলো গতকাল বৃহস্পতিবার জানায়, রাজধানী নেপিডোতে আজ শুক্রবার এই শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। কয়েক দশক ধরে চলা সামরিক শাসনের ছায়া থেকে বেরিয়ে আসার প্রচেষ্টারত মিয়ানমারে এ ধরনের পদক্ষেপ এটাই প্রথম।
ন্যাশনাল ডেমোক্রেটিক ফোর্স পার্টির চেয়ারম্যান খিন মং সুই শীর্ষ বৈঠক আহ্বানের বিষয়টি নিশ্চিত করে গতকাল বলেন, এ বৈঠকে গণতান্ত্রিক সংস্কার কার্যক্রম, শান্তি প্রক্রিয়া ও অন্তর্বর্তীকালীন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছতে চেষ্টা চালাচ্ছে। এক
বছর পর নির্বাচন অনুষ্ঠানের দিকেও এগোচ্ছে দেশটি। আর এ রকমই এক গুরুত্বপূর্ণ পরিস্থিতির আলোকে এ বৈঠকের ডাক দিলেন প্রেসিডেন্ট।