মিয়ানমারে সংঘর্ষে ১১ জন নিহত
মিয়ানমারের উত্তরাঞ্চলে দেশটির নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে এ মাসে অন্তত ১১ জন নিহত হয়েছে। গত নভেম্বর থেকে থেমে থেমে চলা সংঘর্ষে হাজারো মানুষ শান প্রদেশ ছেড়ে পালিয়েছে। অনেকে আবার সীমান্ত পাড়ি দিয়ে চীনেও পাড়ি জমিয়েছে।
প্রতিবেশী দেশটিতে উত্তেজনা ও সংঘর্ষের কারণে বেইজিং তার সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে।
রাষ্ট্র পরিচালিত পত্রিকা গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়, ২ ডিসেম্বর বিদ্রোহীদের হাতে নয় পুলিশ সদস্য নিহত হন। এ ঘটনায় নিহত হন দুজন বিদ্রোহীও।
রাষ্ট্রীয় এই গণমাধ্যমের হিসাবে সংঘর্ষ শুরু হওয়ার পর এখন পর্যন্ত অন্তত ৩০ সেনা, পুলিশ, সরকারপন্থী মিলিশিয়া ও বেসামরিক মানুষ নিহত হয়েছে।
মিয়ানমারে বছরের পর বছর ধরে চলা জাতিগত বিদ্রোহ দমনে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি যে উদ্যোগ নিয়েছেন তাতে নতুন এই সংঘাত বাধার সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। সেনানিয়ন্ত্রিত শাসনের অবসান ঘটিয়ে গত বছর নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে সু চি দেশটির জাতিগত বিদ্রোহ দমনের চেষ্টা করে আসছিলেন।
উত্তরাঞ্চলীয় প্রদেশ কাচিন ও শান এবং দক্ষিণে কারেন প্রদেশে চলমান সংঘাত সু চির শান্তি প্রচেষ্টার ওপর জল ঢেলে দিচ্ছে। একই সঙ্গে অস্ত্রবিরতিতে পৌঁছাতে আরও সময় লাগবে বলে মনে করা হচ্ছে।
বিশ্লেষকেরা মনে করেন, শান প্রদেশে নতুন করে এ সংঘাত আগামী ফেব্রুয়ারিতে সু চির দ্বিতীয় দফায় শান্তি আলোচনাকে হুমকির মুখে ফেলবে। একই সঙ্গে সেনাবাহিনীর ভূমিকাকে শক্তিশালী করে তুলবে। কেননা এখনো দেশটির মূল ক্ষমতা সেনাবাহিনীর হাতেই কুক্ষিগত।