মিয়ানমারে সুষমা, সু চির সঙ্গে সাক্ষাৎ
মিয়ানমার সফরে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। গতকাল সোমবার তিনি দেশটির রাজধানী নেপিডো পৌঁছান। সেখানে প্রথমে তিনি প্রেসিডেন্ট ইউ এইচ তিন কিয়াওয়ের সঙ্গে এবং পরে মিয়ানমার সরকারের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করেন।
টুইটারে সুষমা ও সু চির ছবি পোস্ট করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ লেখেন, ‘ভারতের পুরোনো বন্ধু এখন উন্নয়নে নতুন অংশীদার।’
টুইটারে অপর এক পোস্টে বিকাশ লেখেন, মিয়ানমারের প্রেসিডেন্টকে সুষমা বলেছেন, দেশটির নতুন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে ভারত।
চলতি বছরের প্রথম দিকে সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) রাষ্ট্রক্ষমতা বুঝে নেওয়ার পর মিয়ানমারে এটাই প্রথম ভারতের উচ্চপর্যায়ের কোনো ব্যক্তির সফর। এ সফরে ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্করসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা সুষমার সঙ্গে আছেন।
এর আগে চলতি মাসের প্রথম দিকে নয়াদিল্লিতে ভারত ও মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে আলোচনার সময় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় ইস্যুগুলোর প্রধান প্রধান দিক পর্যালোচনা করা হয়, যার মধ্যে উচ্চপর্যায়ের সফর, নিরাপত্তা ও প্রতিরক্ষা-সম্পর্কিত বিষয়গুলো অন্যতম। এ ছাড়া সীমান্ত ব্যবস্থাপনাসহ এ-সম্পর্কিত বাকি বিষয়, বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা, সংস্কৃতি ও দূতাবাস-সম্পর্কিত বিষয়গুলোও পর্যালোচনা করা হয়।