মিয়ানমারে সেনাবাহিনী সম্ভবত মানবতাবিরোধী অপরাধ করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন সম্ভবত মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে বলে মন্তব্য করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গতকাল সোমবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি বলছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী দেশটিতে হত্যা, ধর্ষণ, লুট ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটাচ্ছে। সেখানে মানবিক বিপর্যয় নেমে এসেছে।
এদিকে রোহিঙ্গা ইস্যুতে আঞ্চলিক পর্যায়ে ব্যাপক চাপের মুখে পড়েছে মিয়ানমার। এ ইস্যুতে আলোচনার জন্য গতকাল মিয়ানমারের ইয়াঙ্গুনে বৈঠকে বসেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা।
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে গত অক্টোবর থেকে চলা সেনা অভিযানে বহু মানুষকে হত্যা করা হয়েছে, হাজারো বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগ করা হয়েছে। প্রাণে বাঁচতে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নিয়েছেন ২৭ হাজারের বেশি রোহিঙ্গা শরণার্থী।
অ্যামনেস্টি জানিয়েছে, আক্রান্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য ও ত্রাণ তৎপরতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাক্ষাৎকার, স্যাটেলাইট থেকে পাওয়া চিত্র বিশ্লেষণ করে তাদের প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকাবিষয়ক পরিচালক রাফেন্দি ডিজামিন বলেন, মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের অনুভূতিহীন ও নিয়মতান্ত্রিক সহিংসতার লক্ষ্যে পরিণত করেছে। সেখানে পুরুষ, মহিলা, শিশু, পুরো পরিবার, পুরো গ্রামের ওপর হামলা হয়েছে এবং নির্যাতন করা হয়েছে। দেশটির নেত্রী অং সান সু চি তাঁর রাজনৈতিক এবং নৈতিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন।
এর আগে জাতিসংঘের কর্মকর্তারা অভিযোগ করেন, মিয়ানমারে জাতিগত নির্মূল অভিযানে নেমেছে দেশটির সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রভিত্তিক আরেক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) কৃত্রিম উপগ্রহের (স্যাটেলাইট) তোলা ছবি প্রকাশ করে দেখায় যে সেনাবাহিনীর উপস্থিতিতেই গ্রামের পর গ্রামে অগ্নিসংযোগ করা হয়েছে। আর জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার প্রধান বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে ‘উদাসীন’ অং সান সু চির সরকার।
মিয়ানমার সেনাবাহিনী অবশ্য এ ধরনের অভিযোগ অস্বীকার করছে। বলছে, উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যে কেবল বিচ্ছিন্নতাবাদী, উগ্রবাদীদের বিরুদ্ধেই অভিযান পরিচালনা করা হচ্ছে।
আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোহিঙ্গা সমস্যা নিয়ে প্রতিবেশী দেশগুলো এবং আঞ্চলিক পর্যায়ে দারুণ চাপে পড়েছে মিয়ানমার। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল আসিয়ানভুক্ত ১০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইয়াঙ্গুনে বৈঠকে বসেন। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় উদ্বেগ প্রকাশ করে আসিয়ানভুক্ত দেশগুলো।
মালয়েশিয়ার কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনিফা আমান আসিয়ানের নেতৃত্বে পুরো ঘটনার একটি নিরপেক্ষ তদন্তের দাবি তোলেন। তিনি বলেন, এই নিপীড়ন অব্যাহত থাকলে গত বছরের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তখন নির্যাতন থেকে বাঁচতে গিয়ে বহু রোহিঙ্গা নৌকায় চড়ে সাগরে গিয়ে প্রাণ হারিয়েছেন। এ ছাড়া বিভিন্ন সময় নির্যাতনের কারণে ৫৬ হাজারের বেশি রোহিঙ্গা শরণার্থী মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছেন। রাখাইন রাজ্যের নির্যাতন প্রতিবেশী দেশগুলোতেও প্রভাব ফেলছে। সেখানকার অবস্থার সুযোগ নিতে পারে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা।
বৈঠকের পর মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর সু চি বৈঠকে আবার জোর দিয়ে বলেছেন রোহিঙ্গাদের জটিল এ সমস্যা সমাধানে তাঁর সরকার অঙ্গীকারবদ্ধ। সরকার পদক্ষেপ নিচ্ছে। তবে এর ফলাফল পেতে হলে সময় লাগবে।