মিয়ানমারে হত্যার দায়ে সাত সেনাসদস্যের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিজ্ঞাসাবাদের সময় পাঁচ গ্রামবাসীকে হত্যার দায়ে মিয়ানমারের একটি সামরিক আদালত বৃহস্পতিবার সেনাবাহিনীর সাত সদস্যকে কারাদণ্ড দিয়েছেন। সাবেক জান্তাশাসিত দেশটিতে সেনাসদস্যদের সাজা দেওয়ার বিরল ঘটনা এটি।
মিয়ানমারে দীর্ঘ কয়েক দশকের প্রত্যক্ষ-পরোক্ষ সামরিক শাসনে সশস্ত্র বাহিনীর সদস্যরা অতীতে অপরাধ করেও পার পেয়ে যেতেন। সেনা কর্তৃপক্ষ ফেসবুকে এক বিবৃতিতে জানায়, শান রাজ্যের লাশিও উপশহরের মং ইয়ো গ্রামে স্থানীয় লোকদের হত্যার অপরাধে মিয়ানমার সেনাবাহিনীর সাত সদস্যকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিত ব্যক্তিদের মধ্যে চারজন কর্মকর্তাপর্যায়ের।
গত জুনে মং ইয়ো গ্রামের আশপাশে বিদ্রোহী যোদ্ধা ও সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনার পরে ওই পাঁচ গ্রামবাসীকে হত্যার ঘটনা ঘটে। কয়েক দিন পর তাঁদের লাশ মাটিতে পুঁতে রাখা অবস্থায় পাওয়া যায়।
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি গত বছর নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পর জাতিগত সংঘাত নিরসনকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে স্থির করেছে।