মিয়ানমারে ১৫৩ চীনা নাগরিকের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার অবৈধভাবে গাছ কাটার অপরাধে ১৫৩ চীনা নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যের একটি আদালত গত বুধবার এ রায় দেন। বিষয়টি নিয়ে প্রতিবেশী দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। খবর এএফপি ও বিবিসির।

চীন মিয়ানমারের আদালতের রায়ের ব্যাপারে উদ্বেগ জানিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে গতকাল বৃহস্পতিবার প্রকাশিত একাধিক উপসম্পাদকীয়তে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয়েছে।

চীনা সীমান্তের কাছে কাচিনের অরণ্যে গাছ চুরির মতো ‘অবৈধ কার্যক্রম’ বন্ধ করার লক্ষ্যে গত জানুয়ারিতে সামরিক অভিযান চালিয়ে ওই ১৫৩ জন চীনাকে গ্রেপ্তার করা হয়। মিয়ানমারে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ২০ বছর।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং এক বিবৃতিতে মিয়ানমারকে ‘আইনি, যৌক্তিক এবং ন্যায়সংগত’ উপায় অবলম্বনের আহ্বান জানিয়ে চীনের নাগরিকদের যত শিগগির সম্ভব দেশে ফেরত পাঠাতে বলেছেন। তবে মিয়ানমার সরকার দেশের বিচারিক কার্যক্রমে হস্তক্ষেপ না করার ঘোষণা দিয়েছে। সরকারি মুখপাত্র ইয়ে তুত বলেন, তাঁর দেশের নাগরিকেরা অন্য কোনো দেশে সেখানকার আইন লঙ্ঘন করলে শাস্তি পান। এ ক্ষেত্রে তাঁরা কূটনৈতিক হস্তক্ষেপ করতে পারেন না। তিনি মনে করেন, চীন বিষয়টি বুঝবে। অবৈধভাবে গাছ কাটা বন্ধ করা প্রয়োজন।