মিয়ানমারে ৬.৮ মাত্রার ভূমিকম্প নিহত ৪
মিয়ানমারের মধ্যাঞ্চলে গতকাল বুধবার ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস)। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। সেখানকার প্রাচীন ব্যাগান শহরের অন্তত ৬০টি বৌদ্ধ মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে। মিয়ানমার ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের আসাম ও ত্রিপুরাতেও ভূমিকম্প আঘাত হানে।
মিয়ানমারের পর্যটন শহর ব্যাগানের দক্ষিণে মূল আঘাত হানে ভূমিকম্প। এর কম্পন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও অনুভূত হয়। মিয়ানমারের ভূমিকম্পে সার্বিক ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে সরকারি কর্মকর্তারা বলেছেন, প্রাথমিকভাবে তাঁরা বেশ কিছু বৌদ্ধমন্দির ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়েছেন।
ব্যাগানের সংস্কৃতি দপ্তরের পরিচালক ওয়াং কিয়াও বলেছেন, অন্তত ৬০টি প্যাগোডা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কয়েকটি ভয়ানকভাবে ক্ষতির মুখে পড়েছে। দশম থেকে দ্বাদশ শতক পর্যন্ত সময়ে এসব প্যাগোডা নির্মিত হয় বলে তিনি জানান।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, প্রায় আটটি প্যাগোডাকে তিনি ধসে যাওয়া অবস্থায় দেখেছেন।
ব্যাগান শহরে আড়াই হাজারের বেশি বৌদ্ধমূর্তি আছে। ব্যাগানের এক পুলিশ কর্মকর্তা জানান, বৌদ্ধমন্দির ক্ষতিগ্রস্ত হওয়ার খবর তিনি পেয়েছেন। এ খবর নিশ্চিতের চেষ্টা করছেন তিনি। ইউএসজিএস বলছে, এবারের ভূমিকম্পের প্রভাব স্থানীয় পর্যায়েই হবে। মিয়ানমারে ভূমিকম্প মাঝ মধ্যেই আঘাত হানে। তবে ২০১২ সালের পর বড় ধরনের কোনো ভূমিকম্প হয়নি দেশটিতে।
প্রথম আলোর কলকাতা প্রতিনিধি জানান, গতকাল ভারতীয় সময় বিকেল ৪টা ৬ মিনিটে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৭। ভূমিকম্পের সময় কলকাতার বিভিন্ন অফিসের লোকজন রাস্তায় নেমে আসেন। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পশ্চিমবঙ্গের মালদা, পূর্ব মেদিনীপুর, নদীয়া, জলপাইগুড়ি, বীরভূম, উত্তর দিনাজপুর থেকেও ভূমিকম্পের খবর পাওয়া গেছে।
প্রথম আলোর ত্রিপুরা প্রতিনিধি জানান. গতকাল বিকেল ৪টা ৪ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে ত্রিপুরাও। আগরতলা দুর্যোগ মোকাবিলা দপ্তরের প্রধান শরৎ দাশ জানিয়েছেন, রিখটার স্কেলে এর পরিমাপ ছিল ৬ দশমিক ৭। মিয়ানমার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানান তিনি। ত্রিপুরায় ভূমিকম্পের ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। তবে আসামের গুয়াহাটির বেশ কয়েকটি বাড়িঘরে ফাটল দেখা দিয়েছে।