মিয়ানমারে 'মধ্যরাতের পরিদর্শন' আইন বাতিল
মিয়ানমারে বিতর্কিত একটি আইনের আংশিক বাতিল করে দেওয়া হয়েছে। গতকাল দেশটির পার্লামেন্টে ওই আইনের ‘মধ্যরাতের পরিদর্শন’ অংশ বাতিল করা হয়েছে। অবশ্য সেনাবাহিনীর পক্ষ থেকে আসা পার্লামেন্ট সদস্যরা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।
‘মধ্যরাতের পরিদর্শন’ হিসেবে পরিচিত ওই আইন অনুযায়ী পুলিশ পূর্বঘোষণা ছাড়া এবং বিনা পরোয়ানায় রাতে তল্লাশি চালাতে পারত। এ ছাড়া বিভিন্ন পাড়া-মহল্লার বাসিন্দাদের রাতে বাসায় আসা অতিথিদের তালিকা পুলিশের কাছে দিয়ে আসতে হতো। মূলত আন্দোলনকারীদের ধরতে এবং তাঁদের আত্মগোপন বন্ধ করতে আইনের এই ধারা প্রণয়ন করেছিল সামরিক জান্তা সরকার।
এই আইনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন গণতন্ত্রপন্থীরা। তাঁরা অভিযোগ করেন, গণতান্ত্রিক আন্দোলন দমনেই ওই আইন। গত মাসে ৫০টির বেশি সামাজিক সংগঠন আইনটি বাতিলের দাবি জানায়। তারা বলে, এখনো সরকারি কর্মকর্তারা আইনটি ব্যবহার করে মানুষকে হয়রানি এবং চাঁদাবাজি করছেন। শোষণের এই যন্ত্র মানবিক নিরাপত্তা ও মর্যাদাবিরোধী।
এই দাবির পরিপ্রেক্ষিতে গতকাল পার্লামেন্টে আইন বাতিলের পক্ষে ভোট দেন অং সান সু চির দলের এমপিরা। তাঁদের অধিকাংশ জান্তা সরকারের সময় ছিলেন রাজনৈতিক বন্দী।