মিয়ানমারের উত্তরাঞ্চলে সংঘর্ষে হাজারো মানুষ ঘরছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে প্রত্যন্ত উত্তরাঞ্চলে সেনাবাহিনী ও জাতিগত বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে নতুন করে শুরু সংঘর্ষের কারণে হাজারো মানুষ বাড়িঘর ছেড়ে পালাচ্ছে। জাতিসংঘের একজন কর্মকর্তা এ কথা জানান।

গতকাল শুক্রবার রাতে জাতিসংঘের অফিস ফর দ্য কো-অপারেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) প্রধান মার্ক কাটস এএফপিকে বলেন, গত তিন সপ্তাহে মিয়ানমারের উত্তর প্রান্তে চীন সীমান্তের কাছে কাচিন রাজ্যে চার হাজারের বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে।

এ বছরের শুরুতে ওই অঞ্চলে সংঘর্ষ-সহিংসতার কারণে আরও প্রায় ১৫ হাজার লোক বাস্তুচ্যুত হয়।

২০১১ সালে মিয়ানমার সরকার ও শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেনস আর্মির মধ্যে অস্ত্রবিরতি চুক্তি ভেঙে যায়। এরপর থেকে কাচিন ও শান রাজ্যের শরণার্থীশিবিরগুলোয় ঠাঁই নেওয়া অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে।

সাম্প্রতিক সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে কাটস বলেন, ‘স্থানীয় সংস্থাগুলো জানিয়েছে, এখনো অনেকে এই সাংঘর্ষিক এলাকায় আটকা পড়ে আছে। আমাদের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হলো অন্তঃসত্ত্বা নারী, ছোট শিশু ও প্রতিবন্ধী। অবশ্যই আমাদের তাদের রক্ষা করতে হবে।’

১৯৪৮ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীন হয় মিয়ানমার। এরপর থেকে মিয়ানমারের সীমান্ত এলাকাগুলোর পরিস্থিতি অস্থিতিশীল। এসব এলাকায় প্রায়ই জঙ্গি, স্থানীয় মিলিশিয়া ও মাদক ব্যবসায়ীদের দমনে অভিযান চলে আসছে।

সশস্ত্র ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো মিয়ানমারের কাছে আরও বেশি স্বায়ত্তশাসন দাবি করে আসছে।

২০১৬ সালে দেশটির নেত্রী অং সান সু চি ক্ষমতা গ্রহণের পর জানিয়ে ছিলেন, দেশটির শান্তি প্রতিষ্ঠাই হবে তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু কার্যত এখনো তেমন উন্নতি দেখা যায়নি।