মিয়ানমারের কাচিনে মাদকবিরোধীদের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর মিয়ানমারের কাচিন রাজ্যে আফিম খেত ধ্বংসের পরিকল্পনা বাদ দিয়ে শহরে ফিরেছেন মাদকবিরোধী বেসরকারি এক সংগঠনের কর্মীরা। গত বৃহস্পতিবার তাঁদের ওপর দুষ্কৃতকারীদের হামলা হয়। প্রশাসনের কাছে নিরাপত্তার আশ্বাস না পেয়ে এ পদক্ষেপ নিয়েছে সংগঠনটি। খবর এএফপির।
মাদক নির্মূলে সরকার বারবার অঙ্গীকার করা সত্ত্বেও আফগানিস্তানের পরেই বিশ্বের দ্বিতীয় বৃহৎ আফিম উৎপাদনকারী দেশ মিয়ানমার। দেশটির উত্তরের সীমান্তবর্তী এলাকায় স্বায়ত্তশাসনের দাবিতে সেনাবাহিনীর বিরুদ্ধে কয়েক দশকজুড়ে লড়াই করছে সংখ্যালঘু নৃগোষ্ঠী। ওই সংঘাতপীড়িত এলাকার দুর্বল আইনপ্রয়োগ ব্যবস্থার সুযোগে সেখানে চলছে মাদকের রমরমা চাষাবাদ ও ব্যবসা। এই ব্যবসা নির্মূলে কাচিনের ব্যাপ্টিস্ট চার্চের সমর্থন নিয়ে দুই বছর আগে গড়ে ওঠে বেসরকারি মাদকবিরোধী সংগঠন পাট জাসান। সংগঠনটি অভিযোগ করে, কাচিন রাজ্যের এক এলাকায় স্থানীয় কৃষকদের ইচ্ছার বিরুদ্ধে আফিম খেত ধ্বংস করতে চাইলে বৃহস্পতিবার সকালে দুষ্কৃতকারীরা বিস্ফোরক ও পাথর নিয়ে তাদের ওপর হামলা করে। এতে নারীসহ তাদের অন্তত ৩২ জন সদস্য আহত হন।
পাট জাসানের জ্যেষ্ঠ এক নেতা লাম এইচকাঞ্চ বলেন, ‘আমাদের নেতাদের পুলিশ জানায়, তারা নিরাপত্তা দিতে পারবে না। সেনাবাহিনীও একই কথা বলে।’