মিয়ানমারের ক্যাম্প ছিল জনশূন্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সেনারা সীমান্ত পেরিয়ে মিয়ানমারে বিচ্ছিন্নতাবাদীদের ক্যাম্পে হামলা চালানোর সময় এটি ছিল প্রায় পরিত্যক্ত। অথচ দলবলসহ একজন বিদ্রোহী কমান্ডারের থাকার গোয়েন্দা তথ্য পেয়েই সেখানে হামলা চালানো হয়েছিল। ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল কয়েকটি সূত্র এনডিটিভিকে এ কথা জানিয়েছে।
ভারতের সেনাবাহিনীর অভিজাত ২১ প্যারার (বিশেষ বাহিনী) একদল সেনা গত মঙ্গলবার ভোরে মিয়ানমারের কয়েক কিলোমিটার ভেতরে পনিয়ুতে পৌঁছায়। সেনারা গিয়েই বুঝতে পারে, সেখানকার বিদ্রোহী ঘাঁটিতে কেউ নেই বললেই চলে। কিন্তু গোয়েন্দা সূত্রের খবর ছিল, উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ডের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এনএসসিএনের (কে) সামরিক কমান্ডার নিকি সুমি সেখানে আছেন। ৪ জুন মণিপুরে ভারতীয় সেনাবহরে যে হামলা হয়, তাতে এনএসসিএনের নেতৃত্বেই কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী অংশ নিয়েছিল বলে ধারণা করা হয়। এতে ভারতীয় সেনাবাহিনীর ৬ ডোগরা ইউনিটের ১৮ জন সদস্য নিহত হন।
ভারতীয় কমান্ডোরা মিয়ানমারে অবস্থিত ক্যাম্পটি ধ্বংস করার সময় তাদের কাছে এটা স্পষ্ট হয়ে ওঠে যে বেশির ভাগ বিদ্রোহী আগেই ঘাঁটি ছেড়ে গেছে।
শীর্ষপর্যায়ের সূত্র এনডিটিভিকে বলেছে, কীভাবে বিদ্রোহীরা আগেই সেনা অভিযানের খবর পেয়ে থাকতে পারে, সরকার তা খতিয়ে দেখছে। সূত্র জানায়, এনএসসিএনের নেতা নিকি সুমি ঘন ঘন অবস্থান বদলে থাকেন। সূত্র আরও বলছে, মণিপুরে রক্তক্ষয়ী হামলার পর বিদ্রোহীরা জানত সেনাবাহিনী তাদের ওপর মারাত্মকভাবে খেপে আছে। এ কারণে তারা ঘাঁটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে। একজন কর্মকর্তা বলেন, ‘বিদ্রোহীরা ১৮ জন সেনা হত্যা করার পর সেনাবাহিনীর আসন্ন শাস্তিমূলক ব্যবস্থার আশঙ্কা করছিল—এ সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।’
সূত্র জানায়, ভারতীয় কমান্ডোরা কিছুসংখ্যক পলায়নপর বিদ্রোহীকে চিহ্নিত করে এবং তিন কিলোমিটার পর্যন্ত ধাওয়া করে তাদের ‘কাবু করে’। গোয়েন্দা সূত্র ও বিদ্রোহীদের বেতারযোগাযোগ থেকে ইঙ্গিত পাওয়া যায়, কমান্ডোরা অন্তত ১৫ জন জঙ্গিকে হত্যা করেছে। প্রাথমিক খবরে বলা হয়েছিল, সেনা অভিযানে শতাধিক বিদ্রোহী নিহত হয়েছে।
কংগ্রেসের প্রতিক্রিয়া: আইএএনএস জানায়, মিয়ানমারে ঢুকে জঙ্গিবিরোধী অভিযানের পর একাধিক মন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে কংগ্রেস বলেছে, বিষয়টাকে রাজনীতির দিকে টেনে নেওয়া সরকারের ঠিক হবে না। দলের মুখপাত্র অজয় মাকেন বলেন, ‘ভারতীয় সেনাবাহিনী কখনো বলেনি, তারা মিয়ানমারে প্রবেশ করেছে। আমরা বলতে চাই যে এ ধরনের ঘটনা কখনো রাজনীতিকরণ করা উচিত হবে না।’