মিয়ানমারের তিন সাংবাদিকসহ পাঁচজন থাইল্যান্ডে গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া পাঁচ ব্যক্তির নাম এখনো প্রকাশ করেনি থাই কর্তৃপক্ষ
প্রতীকী ছবি: রয়টার্স

মিয়ানমারের তিনজন সাংবাদিক ও দুজন আন্দোলনকর্মী থাইল্যান্ডে গ্রেপ্তার হয়েছেন। সংশ্লিষ্ট সাংবাদিকদের সংবাদমাধ্যম প্রতিষ্ঠান ও স্থানীয় পুলিশ আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়।

থাইল্যান্ডে অবৈধভাবে প্রবেশের অভিযোগে মিয়ানমারের তিন সাংবাদিক ও দুই আন্দোলনকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তাঁদের মিয়ানমারে ফেরত পাঠানো হতে পারে।

থাই পুলিশের এক কর্মকর্তা বলেন, অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের পাঁচ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আজ আদালতে তোলা হবে।

গ্রেপ্তার হওয়া পাঁচ ব্যক্তির নাম এখনো প্রকাশ করেনি থাই কর্তৃপক্ষ। তবে গ্রেপ্তার হওয়া তিন সাংবাদিক সম্প্রচারমাধ্যম ডেমোক্রেটিক ভয়েস অব বার্মার (ডিভিবি) কর্মী বলে জানা গেছে।

ডিভিবি জানিয়েছে, মিয়ানমারের পাঁচজনকে গত রোববার থাইল্যান্ডে গ্রেপ্তার করা হয়। তাঁদের যাতে মিয়ানমারে ফেরত পাঠানো না হয়, সে জন্য ডিভিবি থাইল্যান্ডের কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে।

মিয়ানমারের জান্তা সম্প্রচারমাধ্যম ডিভিবিকে নিষিদ্ধ করেছে। ডিভিবি ছাড়া আরও কয়েকটি স্বাধীন গণমাধ্যমের লাইসেন্স কেড়ে নেওয়া হয়েছে।

ডিভিবির নির্বাহী পরিচালক আয়ে চ্যান নাইং এক বিবৃতিতে বলেছেন, পাঁচজনকে মিয়ানমারে ফেরত পাঠানো হলে তাঁদের জীবন গুরুতর ঝুঁকিতে পড়বে।

থাইল্যান্ডে গ্রেপ্তার পাঁচজনের বিষয়ে জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনারেরও সহায়তা চেয়ে আবেদন করেছে ডিভিবি। বিবৃতিতে বলা হয়, মিয়ানমারে ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর সেনাবাহিনীর দমনপীড়নের মুখে ওই পাঁচজন দেশ ছেড়ে পালিয়েছেন।

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর দেশটির জান্তা সরকার হাজারো মানুষকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া লোকজনের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক রয়েছেন।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দোষী সাব্যস্ত হলে তাঁদের মিয়ানমারে ফেরত পাঠানো হতে পারে। মিয়ানমারে ফেরত পাঠানো হলে তাঁদের জীবন হুমকির মধ্যে পড়তে পারে।

মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থান হয়। সেনাবাহিনী দেশটির নির্বাচিত অং সান সু চির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। তারা সু চিসহ শীর্ষ রাজনীতিবিদদের গ্রেপ্তার করে মিয়ানমারে জরুরি অবস্থা জারি করে।

সেনা অভ্যুত্থানের প্রতিবাদে দেশটিতে টানা বিক্ষোভ করছেন গণতন্ত্রপন্থীরা। মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে জান্তার হাতে সাত শতাধিক মানুষ নিহত হয়েছেন। গ্রেপ্তার হাজারো। সেনাবাহিনীর দমনপীড়নের মুখে অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন।