মিয়ানমারের প্রত্যাশা ও প্রতিবন্ধকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মাসের শেষের দিকে মিয়ানমারের ক্ষমতা নিতে যাচ্ছে নবনির্বাচিত প্রেসিডেন্ট থিন কিউয়ের নেতৃত্বাধীন সরকার। দেশের প্রধান রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চির প্রতিনিধি হিসেবেই মূলত তিনি দেশের হাল ধরবেন। এরই মধ্যে তাঁরা সামরিক জান্তার আদল থেকে বেরিয়ে নতুন করে বেসামরিক সরকারকাঠামো প্রণয়ন করার ঘোষণা দিয়েছেন। এটি খুব সহজ বিষয় নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দারিদ্র্য ও জাতিগত দাঙ্গার মতো কঠিন সমস্যার মোকাবিলা করতে হবে তাঁদের। এ ছাড়া ক্ষমতাধর সেনাবাহিনী তো আছেই।

জান্তার অধীনে দেশটিতে এখন ৩৬টি মন্ত্রণালয় রয়েছে। অন্ধকারাচ্ছন্ন বারান্দা, বস্তা-ভর্তি কাগজ, আর বাইরে কুকুরের ঝিমুনি—এই হচ্ছে মন্ত্রণালয়গুলোর দৃশ্য। নতুন সরকার এলে কিছু মন্ত্রণালয় অন্য মন্ত্রণালয়ের সঙ্গে এক করে সংখ্যা কমানো হবে বলা হচ্ছে।

নতুন সরকার এলে দুর্নীতি ও অদক্ষতার ভারে জর্জরিত মন্ত্রণালয়গুলোর কর্মকাণ্ড কেমন হবে—জানতে চাইলে নাম না প্রকাশের শর্তে একটি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘কী হবে—এ নিয়ে আমাদের কোনো ধারণা নেই। আমাদের এ বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনাও দেওয়া হয়নি।’

তবে এরই মধ্যে কিছুটা পরিবর্তনের আভাস পাওয়া গেছে। তথ্য মন্ত্রণালয়ে টেবিলে রাখা গাদা গাদা কাগজের ফাইলের ভিড়ে কয়েকটি কম্পিউটারকে উঁকিঝুঁকি মারতে দেখা যায়। বিচলিত আমলারা মনে করছেন, প্রথম গণতান্ত্রিক সরকার এলে যে অনেক পরিবর্তন ঘটবে, এটা তারই ইঙ্গিত।

২০১১ সাল থেকে শুরু করে মিয়ানমার অনেক দূর পথ পাড়ি দিয়েছে। দারিদ্র্য ও বিচ্ছিন্নতায় ডুবে থাকা মিয়ানমারের জান্তা সরকার যখন একটু ঢিল দিল, তখনই এ পরিবর্তন শুরু হলো। সদ্য বিদায়ী প্রেসিডেন্ট থেইন সেইন সেনাসমর্থিত প্রশাসনের নাটকীয় সংস্কার সাধন করেন। এতে পশ্চিমা দেশগুলো দেশটির ওপর থেকে শেষ পর্যন্ত শুধু নিষেধাজ্ঞাও তুলে নেয়নি; বরং ব্যাপক বিনিয়োগও শুরু করে।

প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশটি বিশ্বে অর্থনীতিতে দ্রুতগতিতে এগিয়ে যাওয়া দেশগুলোর একটি। ধারণা করা হচ্ছে, এ বছর দেশটিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৮ শতাংশ ছাড়িয়ে যাবে। ২০১১ সালে যেখানে দেশটিতে বিদেশি পর্যটকের সংখ্যা ছিল ১০ লাখেরও কম, সেখানে গত বছর এ সংখ্যা বেড়ে ৪৭ লাখে পৌঁছায়।

বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুন প্রায় ভঙ্গুর অবস্থা থেকে অনেকটাই মহানগরে রূপ নিতে শুরু করেছে। সেখানে লোকজন এখন কেএফসিতে খেতে খেতে মোবাইলে বসে নিউজ সাইট ব্রাউজ করে; যা এক সময় ছিল নিষিদ্ধ। 
কারখানায় বা নতুন নতুন নির্মাণ অবকাঠামো এলাকায় কাজের খোঁজে আসা হাজার হাজার মানুষের ভিড়ে শহরে গড়ে উঠছে বস্তি।

ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) অর্থনীতিবিষয়ক কমিটির প্রধান হানথা মিন্ত বলেন, অদক্ষ এই জনগণই কর্মসংস্থান তৈরিতে মূল ভূমিকা রাখবে। একই সঙ্গে গ্রামীণ অবকাঠামো ও কৃষি উৎপাদন বাড়াতে ভূমিকা রাখবে। এএফপিকে তিনি বলেন, ‘অন্যরা যে পথ অনুসরণ করেছেন, আমরাও তা-ই করব। খেলনার কারখানা এবং তৈরি পোশাক কারখানা গড়ে তোলা হবে এবং কম দামে রপ্তানি করা হবে। আগামী পাঁচ বছরে উচ্চমাত্রার প্রযুক্তিবিষয়ক কোনো কিছু নিয়ে আমাদের কথা বলা উচিত হবে না।’

দেশটিতে ব্যাপক আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি ও ব্যাপক কালোটাকার ছড়াছড়ি রয়েছে। আইএইচএস গ্লোবাল ইনসাইটের রাজীব বিশ্বাস বলেন, ইতিপূর্বে সরকার পরিচালনার কোনো অভিজ্ঞতা না থাকায় এনএলডির পক্ষে এসব সমস্যা মোকাবিলা করা কঠিন হয়ে দাঁড়াবে। তবে তিনি মনে করেন, ‘মিয়ানমারের মানব সম্পদ গড়ে তুলতে বিদ্যুৎ, সড়ক ও বন্দরের পাশাপাশি শিক্ষা ও প্রশিক্ষণ খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ করতে হবে।’ 
দেশটির পার্লামেন্টের এক-চতুর্থাংশ আসন সেনাবাহিনীর দখলে। এমনকি গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও সীমান্তবিষয়ক মন্ত্রণালয়ও সেনাবাহিনীর অধীনে। 
তবে সাধারণ মানুষের সঙ্গে এনএলডির সম্পর্কই তাদের এগিয়ে নেবে বলে মনে করে দলটি। 
পার্লামেন্টের নিম্নকক্ষের সাংসদ এনএলডির মিও জাও অং বলেন, ‘সেনাবাহিনীর হাত থেকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা গ্রহণ দেখতে পারাটা দেশবাসীর জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হবে।’