মিয়ানমারের সেনাপ্রধানের সঙ্গে সু চির আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে গতকাল সোমবার দেশটির সেনাপ্রধান মিন অং হলাইংয়ের সঙ্গে আলোচনা করেছেন গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দেশটির পার্লামেন্ট অধিবেশন সামনে রেখে সেনাপ্রধানের সঙ্গে সু চির এই বৈঠক হলো।

মিয়ানমারে সাধারণ নির্বাচনে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) প্রায় ৮০ শতাংশ আসনে জয়ী হয়েছে। দেশটিতে শিগগির নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হতে পারে।

গত বছরের নভেম্বরের নির্বাচনে এনএলডির বিপুল জয়ের পর সেনাপ্রধানের সঙ্গে দুবার আলোচনায় বসলেন সু চি। গত বছরের ডিসেম্বরে তাঁদের মধ্যে প্রথম দফার আলোচনা হয়। গতকাল হয় দ্বিতীয় দফার আলোচনা। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই আলোচনায় সেনাপ্রধান ও সু চি ছাড়াও তাঁদের ঘনিষ্ঠ সহযোগীরা অংশ নেন।

আলোচনা সম্পর্কে মিন অং হলাইংয়ের ফেসবুকে এক বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচন-পরবর্তী সময়ে ক্ষমতা হস্তান্তর, শান্তি ও স্থিতিশীলতা নিয়ে উভয় পক্ষ আন্তরিক আলোচনা করেছে। পার্লামেন্টের বিষয় ও নতুন সরকার গঠন নিয়েও আলোচনা হয়েছে।

নির্বাচনে জয়ী হলেও সু চি প্রেসিডেন্ট হতে পারবেন না। কারণ, মিয়ানমারের সংবিধান অনুযায়ী, কেউ বিদেশি নাগরিককে বিয়ে করলে কিংবা তাঁর সন্তান অন্য কোনো দেশের নাগরিক হলে তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।