যেসব স্কুলশিক্ষার্থী দিনে চার ঘণ্টার বেশি মুঠোফোন ব্যবহার করে, তারা আধা ঘণ্টা মুঠোফোন ব্যবহারকারীদের তুলনায় পরীক্ষায় খারাপ ফল করে। জাপানের এক সরকারি গবেষণায় এ তথ্য মিলেছে। খবর এএফপির।
গবেষণায় দেখা যায়, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি নয়জনের মধ্যে একজন প্রতিদিন গড়ে অন্তত চার ঘণ্টা মুঠোফোন নিয়ে ব্যস্ত থাকে। তারা পরীক্ষায় প্রায় সব বিষয়ে গড়ে ১৪ শতাংশ পয়েন্ট কম পায়। এর মধ্যে সবচেয়ে খারাপ করেছে অঙ্কে। জাপানের শিক্ষা মন্ত্রণালয় ১৪ থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের ওপর এ গবেষণা চালায়।
গবেষণায় অংশ নেওয়া দেশটির জুনিয়র হাইস্কুলের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের প্রায় অর্ধেকই জানিয়েছে, তারা মুঠোফোনে কথা বলা ছাড়াও দিনে এক ঘণ্টার বেশি বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করে, ই-মেইল আদান-প্রদান করে ও গেম খেলে। তবে এই বয়স গ্রুপের এক-তৃতীয়াংশ শিক্ষার্থী জানিয়েছে, তাদের কোনো মুঠোফোন নেই।