মুফতিকে নিয়ে বিতর্কিত মন্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের কট্টরপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জেরুজালেমের ফিলিস্তিনি গ্র্যান্ড মুফতি ইহুদি ‘গণহত্যায় উৎসাহ’ দিয়েছিলেন। নেতানিয়াহুর এই অভিযোগ নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ইতিহাসবিদেরা বলছেন, এই অভিযোগ সত্য নয়। খবর গার্ডিয়ানের।
জেরুজালেমে ওয়ার্ল্ড জায়নিস্ট কংগ্রেসে দেওয়া বক্তৃতায় নেতানিয়াহু দাবি করেন, ১৯৪১ সালে জেরুজালেমের গ্র্যান্ড মুফতি হজ আমিন আল-হুসেইনির সঙ্গে জার্মানিতে সে দেশের নেতা অ্যাডলফ হিটলারের বৈঠক হয়। নেতানিয়াহু দাবি করেন, হিটলার ইহুদিদের জার্মানি থেকে শুধু বহিষ্কার করতে চেয়েছিলেন। কিন্তু আমিন আল-হুসেইনি তাঁকে ইহুদিদের হত্যার পরামর্শ দেন।
কিন্তু নেতানিয়াহুর এই অভিযোগ বিষয়ে ইসরায়েলেরই বার-ইলান বিশ্ববিদ্যালয়ের ইহুদি গণহত্যা গবেষণা ইনস্টিটিউটের প্রধান ড্যান মিকম্যান বলেন, হিটলারের সঙ্গে আমিন আল-হুসেইনির সাক্ষাৎ হয়েছিল জার্মানির চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ শুরু হওয়ার পর।
গণহত্যার শিকার ইহুদিদের স্মরণে প্রতিষ্ঠিত ইসরায়েলের জাদুঘর ইয়াদ ভাশেমের প্রধান ইতিহাসবিদ দিনা পোরাটও বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে দাবি করেছেন, তা ভুল। আমিন আল-হুসেইনি জার্মানির নেতা হিটলারকে ইহুদিদের হত্যার ধারণা দেননি। ফিলিস্তিনের জ্যেষ্ঠ কর্মকর্তা সায়েব ইরেকাত বলেন, এই বক্তব্যের মাধ্যমে তিনি হিটলারকে গণহত্যার দায় থেকে মুক্তি দিতে চাইছেন।
এদিকে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান সহিংসতা প্রশমনে গতকাল বুধবার ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। আকস্মিক সফরে সেখানে যাওয়া বান কি মুন ক্রমবর্ধমান সহিংসতা অবসানের আহ্বান জানান।