পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফআইএ) সাবেক মহাপরিচালক তারিক খোসা বলেছেন, ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালের সন্ত্রাসী হামলার পরিকল্পনা হয় পাকিস্তানে। হামলাকারীরা যায়ও পাকিস্তান থেকেই। ইংরেজি দৈনিক ডন-এ গত সোমবার প্রকাশিত এক নিবন্ধে এ কথা বলেন তারিক খোসা। খবর টাইমস অব ইন্ডিয়া ও ডনের।
‘মুম্বাই অ্যাটাকস ট্রায়াল’ শিরোনামের ওই নিবন্ধে তারিক খোসা লিখেছেন, ‘মুম্বাইয়ের ওই ভয়ংকর ঘটনাকে উপেক্ষা করতে পারে না পাকিস্তান। ওই হামলার মূল পরিকল্পনাকারী এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার বিষয়টি পাকিস্তানের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সবাইকেই নিশ্চিত করতে হবে। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে।’
ভারতীয় গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, সমুদ্রপথ পাড়ি দিয়ে পাকিস্তান থেকে যাওয়া ১০ জনের একটি সন্ত্রাসী দল ২০০৮ সালের ১১ নভেম্বর মুম্বাইয়ে হামলা চালায়। ওই হামলায় অনেক বিদেশিসহ ১৬৬ জন নিহত হন। ওই হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রায় যুদ্ধ লেগে যাওয়ার পরিস্থিতির সৃষ্টি হয়।
মুম্বাই হামলাকারীদের মধ্যে আজমল কাসাব জীবিত ধরা পড়েন। পরে ভারতে তাঁর বিচার ও ফাঁসি হয়। ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বাকি হামলাকারীরা নিহত হয়। ওই হামলার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টিকে শুরুতে অস্বীকার করে পাকিস্তান। তবে পরে কাসাব এবং অন্যান্য হামলাকারী পাকিস্তানের বলেই স্বীকার করে দেশটি। এ রকম প্রেক্ষাপটে পাকিস্তানের সাবেক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তার এ বক্তব্য এল।
তারিক খোসার লেখা অনুযায়ী, কাসাব এবং জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সদস্যদের পাকিস্তানের সিন্ধু প্রদেশের থাট্টা জেলার কাছে একটি জায়গায় প্রশিক্ষণ দেওয়া হয়। সমুদ্রপথে সেখান থেকেই তারা ভারতে যায়। তদন্তকারীরা ওই প্রশিক্ষণ শিবির শনাক্ত করতে পেরেছেন। মুম্বাই হামলায় ব্যবহৃত বিস্ফোরকের মোড়ক পাওয়া গেছে ওই শিবিরে।
এফআইএর সাবেক মহাপরিচালক খোসা আরও লিখেছেন, করাচির যে বাড়িটি থেকে ওই হামলা নিয়ন্ত্রণ করা হয়েছিল, সেটিও শনাক্ত করতে পেরেছেন তদন্তকারীরা। হামলাকারীদের সঙ্গে সেখানে থাকা সহযোগীদের কথাবার্তার রেকর্ডও আছে।
মুম্বাই হামলার প্রধান এবং তার সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন তারিক খোসা।