মুরসির যাবজ্জীবন সাজা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ মুরসি
মোহাম্মদ মুরসি

মিসরের সর্বোচ্চ আদালত দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বাতিল করে ওই মামলায় পুনরায় বিচার শুরু করার আদেশ দিয়েছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন একটি আদালত।

কয়েক দিন আগে সর্বোচ্চ আদালত মুরসির বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের একটি রায় বাতিল করেছেন। ২০১১ সালে একটি কারাগার থেকে অনেক কয়েদির গণহারে পালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০১৫ সালে তাঁকে এ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সর্বোচ্চ আদালত ওই রায় বাতিল করে আবার বিচারের আদেশ দিয়েছেন।

গতকাল মঙ্গলবার মিসরের সর্বোচ্চ আপিল আদালত এক রায়ে বলেন, হামাসের পক্ষে গুপ্তচরবৃত্তি এবং দেশবিরোধী ষড়যন্ত্র করার মামলায় গত বছর মুরসির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের যে আদেশ দেওয়া হয়েছে তা বাতিল করা হলো। এই মামলায় নতুন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

হামাসের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে মুরসিসহ মুসলিম ব্রাদারহুডের ২২ জন কেন্দ্রীয় নেতাকে তখন সাজা দেওয়া হয়েছিল। এর মধ্যে দলটির প্রধান মোহাম্মদ বাদিঈ-ও রয়েছেন। আদালত তাঁদের সাজাও বাতিল করে পুনরায় শুনানির আদেশ দিয়েছেন।

অবশ্য আরও কয়েকটি মামলায় বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে মিসরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট মুরসির। ২০১৩ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি কারাগারে।

গণ-অভ্যুত্থানে হোসনি মোবারকের পতনের পর ২০১২ সালে দেশের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হন মুরসি। এক বছর ক্ষমতায় ছিলেন। ২০১৩ সালে অভ্যুত্থানে মুরসিকে ক্ষমতাচ্যুত করে প্রেসিডেন্ট হন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি। তাঁর নির্দেশে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যুক্ত মুরসিকে বন্দী করা হয়। তিন বছর ধরেই কারাগারে বন্দী মুরসি।

ক্ষমতা নেওয়ার পর বিরোধী গোষ্ঠী, বিশেষ করে ব্রাদারহুডের বিরুদ্ধে দমন-পীড়ন চালাচ্ছেন সিসি। এ পর্যন্ত কয়েক শ লোককে হত্যা করা হয়েছে। হাজার হাজার মানুষকে বন্দী করে নির্যাতন করা হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, সিসি সরকারের চালানো এসব বিচারিক প্রক্রিয়া রাজনৈতিকভাবে প্রভাবিত এবং এতে হাজারো মিসরীয়র মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।