মুরসির ২০ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ মুরসি। ছবি: এএফপি
মোহাম্মদ মুরসি। ছবি: এএফপি

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি এবং আরও ১২ আসামিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন মিসরের একটি আদালত। মুরসির শাসনামলে বিক্ষোভকারীদের গ্রেপ্তার ও নির্যাতনের দায়ে আজ মঙ্গলবার আদালত এ কারাদণ্ড দেন। একই অভিযোগে অন্য দুজন আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

তবে আদালত হত্যার অভিযোগ থেকে মুরসিকে খালাস দিয়েছেন। ২০১২ সালে রাষ্ট্রপতি ভবনের বাইরে সংঘর্ষের ঘটনায় এক সাংবাদিক ও দুই বিক্ষোভকারীকে হত্যার অভিযোগ ওঠে। এ অভিযোগ প্রমাণিত হলে মুরসির মৃত্যুদণ্ড হতে পারত।

২০১২ সালের ৫ ডিসেম্বর সংঘর্ষের ওই ঘটনার জন্য মুরসি এবং বাকি আসামিদের বিরুদ্ধে ‘বিক্ষোভকারীদের গ্রেপ্তার, নির্যাতন ও তাঁদের ওপর সহিংস আচরণের’ অভিযোগ আনা হয়।

আসামিপক্ষের আইনজীবীরা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।

মুরসির বিরুদ্ধে বিদেশিদের পক্ষে গুপ্তচরবৃত্তি এবং ২০১১ সালে মোবারকবিরোধী বিদ্রোহের সময় কারাগার থেকে পালানোর অভিযোগে আরও দুটি মামলা রয়েছে। এ দুটি মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে ১৬ মে।

গণবিক্ষোভে হোসনি মোবারকের পতনের পর মুসলিম ব্রাদারহুডের সমর্থন নিয়ে মুরসি মিসরের প্রথম গণতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন। এক বছর ক্ষমতায় থাকার পর ২০১৩ সালের ৩ জুলাই ব্যাপক গণ-আন্দোলনের মুখে তিনি এবং তখন সেনাপ্রধানের দায়িত্বে থাকা বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির নেতৃত্বে উৎখাত হন। এরপর মুরসির সমর্থকদের বিরুদ্ধে সরকারি বাহিনীর ব্যাপক অভিযান শুরু হয়। এতে অন্তত ১ হাজার ৪০০ জন নিহত ও হাজারো মানুষ কারাবন্দী হয়। এ পর্যন্ত দ্রুত বিচারে মুসলিম ব্রাদারহুডের শতাধিক নেতা-কর্মীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। জাতিসংঘ একে সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন আখ্যা দেয়।