মুরসির ২০ বছরের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ মুরসি
মোহাম্মদ মুরসি

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি এবং আরও ১২ জনের প্রত্যেককে ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর শাসনামলে বিক্ষোভকারীদের গ্রেপ্তার ও নির্যাতন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় দেশটির একটি আদালত গতকাল মঙ্গলবার এ রায় দেন। ইসলামপন্থী মুরসির মৃত্যুদণ্ড হতে পারত বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন। খবর এএফপি ও বিবিসির।
গ্রেপ্তার ও নির্যাতন করার অভিযোগে দণ্ড পেলেও হত্যার অভিযোগ থেকে খালাস পেয়েছেন মিসরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসি। ২০১২ সালে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় দুই বিক্ষোভকারী ও এক সাংবাদিককে হত্যা করার ওই অভিযোগ প্রমাণিত হলে মুরসির মৃত্যুদণ্ড হতে পারত।
মামলার অভিযোগে বলা হয়, নিষিদ্ধঘোষিত ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের নেতা মুরসি ২০১২ সালের ৫ ডিসেম্বর সরকারবিরোধী আন্দোলন দমনে ‘সহিংস পদ্ধতি’ প্রয়োগ করেন এবং বিক্ষোভকারীদের গ্রেপ্তার ও নির্যাতন করেন। একই অভিযোগে দোষী সাব্যস্ত আরও দুজনকে ১০ বছর করে সাজা দেওয়া হয়েছে। আসামিপক্ষের আইনজীবীরা বলেছেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
ক্ষমতাচ্যুত মুরসির বিরুদ্ধে এই প্রথম কোনো মামলার রায় হলো। তবে তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলার বিচার চলছে। মুরসি এক বছর ক্ষমতায় থাকার পর ২০১৩ সালের ৩ জুলাই ব্যাপক গণ-আন্দোলনের মুখে তখনকার সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির নেতৃত্বে উৎখাত হন। এরপর মুরসির সমর্থকদের বিরুদ্ধে সরকারের ব্যাপক দমন অভিযান শুরু হয়। এতে অন্তত ১ হাজার ৪০০ জন নিহত ও হাজারো মানুষ কারাবন্দী হয়। এ পর্যন্ত দ্রুত বিচারে মুসলিম ব্রাদারহুডের শতাধিক নেতা-কর্মীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। জাতিসংঘ একে সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন আখ্যা দেয়।
মুসলিম ব্রাদারহুডের সমর্থকেরা গতকালের রায়ের আগে অভিযোগ করেন, বর্তমান প্রেসিডেন্ট সিসি বিচার বিভাগকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করছেন। মুরসি নিজেও বর্তমান আদালতের বৈধতা প্রত্যাখ্যান করে বলেন, তিনি সামরিক অভ্যুত্থানের শিকার হয়েছেন।
মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করে দলটির হাজারো নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। সংগঠনটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে সর্বশেষ গত সোমবার ২২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কায়রোর একটি থানায় হামলা করার দায়ে তাঁদের বিরুদ্ধে এ রায় হয়।