মূল অংশ উদ্ধারে কাজ শুরু

এয়ারএশিয়ার বিধ্বস্ত উড়োজাহাজের মূল অংশ ও সেখানে আটকে থাকা মৃতদেহ উদ্ধারের উপায় খতিয়ে দেখতে গতকাল বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার ডুবুরিরা কাজ শুরু করেছেন।
জাভা সাগরের যে স্থান থেকে উড়োজাহাজটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছিল সেখান থেকে তিন কিলোমিটার দূরে পানির ২৮ মিটার নিচে গত বুধবার উড়োজাহাজটির মূল অংশের সন্ধান পায় সিঙ্গাপুরের নৌবাহিনী। পানির নিচে চলতে সক্ষম রোবট সেটির ছবি তুলতে সক্ষম হয়। এর মাধ্যমে ওই অংশটি যে এয়ারএশিয়ার উড়োজাহাজটির তা নিশ্চিত করা হয়। সন্ধান পাওয়া মূল অংশে কম দামি টিকিটের বিমান সংস্থা এয়ারএশিয়ার স্লোগান ‘এখন সবাই উড়তে পারবে’ লেখা রয়েছে।
বিধ্বস্ত উড়োজাহাজটির অধিকাংশ আরোহীর লাশ ওই অংশ থেকে উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এয়ারএশিয়ার ফ্লাইট কিউজেড ৮৫০১ গত ২৮ ডিসেম্বর ইন্দোনেশিয়া থেকে ১৬২ জন আরোহী নিয়ে সিঙ্গাপুর যাওয়ার পথে বিধ্বস্ত হয়। বিমানটি ছিল এয়ারবাস কোম্পানির তৈরি এ ৩২০-২১৬। এ পর্যন্ত এর মাত্র ৫০ আরোহীর লাশ পাওয়া গেছে।
দুর্ঘটনাস্থল বোর্নিও দ্বীপের পাংকালান বানে অবস্থানরত উদ্ধার অভিযানের সমন্বয়কারী ইন্দোনেশিয়ার বিমানবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জনসন সুপ্রিয়াদি বলেন, উড়োজাহাজের মূল অংশ থেকে আলাদাভাবে মৃতদেহ উদ্ধার করা হবে নাকি ভাসমান বেলুনের সাহায্যে পুরো অংশটিই উদ্ধার করা হবে ডুবুরিরা সেটি পরীক্ষা করে দেখবেন।