মৃতের সংখ্যা বেড়ে ৩১ পাইলট 'বীর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাইওয়ানে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত আরোহীর সংখ্যা বেড়ে ৩১-এ দাঁড়িয়েছে। তবে ১২ আরোহী এখনো নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে দুর্ঘটনায় নিহত পাইলটকে ‘বীর’ আখ্যা দেওয়া হয়েছে। তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে উড়োজাহাজটিকে জনবহুল এলাকা এড়িয়ে নদীতে নামাতে সক্ষম হন বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি ও রয়টার্সের।
ট্রান্সএশিয়া এয়ারলাইনসের উড়োজাহাজটি ৫৮ আরোহী নিয়ে গত বুধবার দুর্ঘটনার শিকার হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, শত শত উদ্ধারকারী গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থলে উদ্ধারকাজ চালান। শেষ খবর পাওয়া পর্যন্ত যে ৩১টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, তার মধ্যে উড়োজাহাজটির পাইলট ও সহকারী পাইলটও রয়েছেন।
উড়োজাহাজটির পাইলট হিসেবে ছিলেন লিয়াও চিয়েন-সাং। জনবহুল আবাসিক এলাকা এড়িয়ে উড়োজাহাজটিকে নদীতে অবতরণ করাতে পারায় তাঁকে সাধুবাদ জানাচ্ছে বিভিন্ন মহল। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে নিহত চিয়েন-সাংয়ের জন্য যেমন সমবেদনা জানানো হয়েছে, তেমনি তাঁর প্রশংসাও করা হয়েছে। লেখক ও অভিনেত্রী গিন ওই ফেসবুকে লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, পাইলট চেষ্টা করে সুউচ্চ ভবনগুলো এড়িয়েছেন। তিনি একজন বীর।’